সম্প্রতি ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় ছোট্ট রামিসাকে। হৃদয়বিদারক এসব ঘটনা দিনকে দিন বাড়ছেই। রামিসার ঘটনা নাড়া দেয় মানুষের বিবেককে। সেই বেদনা, ক্ষোভ এবং বিচারপ্রত্যাশী মানুষের আকুতি থেকেই গীতিকবি মাহবুবুল খালিদ রচনা করেছেন ‘রামিসাদের বিচার’ শিরোনামে গান।
“রামিসা এসে যোগ দিলো/ হঠাৎ আছিয়ার সনে/ তনু হত্যার বিচার হয়নি এখনো/ নুসরাত আছে লাইনে…।” এমন কথামালায় সাজানো গানটির সুরও করেছেন গীতিকার মাহবুবুল খালিদ। গানটিতে গীতিকারের সঙ্গে কণ্ঠ দিয়েছেন অবন্তি সিঁথি, রাফসান ও টুটুল।
গানটি প্রকাশিত হয়েছে খালিদ সংগীতের ইউটিউব চ্যানেলে। একই নামে থাকা ফেসবুক পেজ ও ওয়েবসাইটেও গানটি শোনা যাচ্ছে।
দেশপ্রেম, প্রকৃতি, ধর্মীয় ও সামাজিক উৎসব, জনসচেতনতা কিংবা খেলাধুলা- এসব বিষয় বৈচিত্র্য মাহবুবুল খালিদের সৃষ্টিতে স্পষ্ট। গণসংগীত থেকে লোকগীতি, হামদ-নাত, শিশুতোষ গান, দেশাত্মবোধক, প্রেম-বিরহ কিংবা আধ্যাত্মিক ভাবনা- বিভিন্ন ধারায় স্বচ্ছন্দ বিচরণ রয়েছে এই গীতিকারের।
সমাজের বাস্তব ঘটনাগুলোও তার সৃষ্টিকে করেছে আরো তীক্ষ্ণ ও সময়োপযোগী। রাজধানীর মিরপুরে নির্যাতিত শিশু গৃহকর্মী আদুরিকে নিয়ে লেখা ‘আদুরি’ গানে যেমন উঠে এসেছে এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি, তেমনই সীমান্তে ফেলানী হত্যাকাণ্ড নিয়ে লেখা ‘ফেলানীরে করল গুলি’ গানটিও নাড়া দিয়েছে মানুষের বিবেককে।
মাগুরার শিশু আছিয়ার ওপর নির্যাতনের ঘটনা নিয়ে তিনি লিখেছেন ‘মাগুরার ফুল’। গানটিতে সমাজের অন্ধকার বাস্তবতা এবং একটি শিশুর ওপর ঘটে যাওয়া নির্মমতার বিরুদ্ধে প্রতিবাদের ভাষা খুঁজে পাওয়া যায়।









