এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আসন্ন এশিয়ান গেমস শেষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টুয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা জ্যোতি। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিসিবিকে নিজের এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।
চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন নারী ক্রিকেট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। তিনি বলেন, ‘জ্যোতির পাঠানো ইমেইল আমরা পেয়েছি। ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও মনোযোগ দিতেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন । তবে ওয়ানডে দলের অধিনায়কত্ব চালিয়ে যাবেন।’
রফিকুল ইসলাম বাবু জানান, এশিয়ান গেমসের আগে জ্যোতির এমন সিদ্ধান্তে কিছুটা বিব্রত বিসিবি, আসর শেষে মেয়েরা ফিরলে বিষয়টি নিয়ে বসবে বিসিবি।
২০২২ সালে টি-টুয়েন্টি দলের নেতৃত্ব পাওয়ার পর থেকে দুই সংস্করণেই বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আসছিলেন জ্যোতি। তার অধিনায়কত্বে সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য আসে ২০২৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে। স্কটল্যান্ডকে হারিয়ে এক দশক পর বিশ্বকাপে জয় পায় বাংলাদেশ। ওই ম্যাচসহ পুরো আসরে ব্যাট ও গ্লাভস হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জ্যোতি। চার ইনিংসে ১০৪ রান করার পাশাপাশি উইকেটের পেছনে নেন সাতটি ডিসমিসাল।
তবে সাম্প্রতিক সময়ে তার নেতৃত্বে বাংলাদেশের পারফরম্যান্সে ধারাবাহিকতার ঘাটতি দেখা যায়। ২০২৬ সালের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। এরপর স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে ত্রিদেশীয় সিরিজেও আসে মিশ্র ফল। বিশ্বকাপে পাঁচ ম্যাচে মাত্র দুটি জয় পাওয়ায় জ্যোতির নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে।









