মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রের পর মাতারবাড়ীতে এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করতে আগ্রহী জাপান। বাংলাদেশে আরও প্রায় এক বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে দেশটি।
জাপানের জেরা এশিয়া প্রাইভেট লিমিটেড-এর ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া প্যাসিফিক প্রধান কুদামা তোশিরো চ্যানেল আইকে একথা জানিয়েছেন। নবায়নযোগ্য জ্বালানিতেও বিনিয়োগ করতে আগ্রহী তারা।
কুদামা তোশিরো বলেন, ঢাকার অদূরে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে তিনটি বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছে। এরমধ্যে দু’টি উৎপাদনে এসেছে। আরেকটি উৎপাদনের অপেক্ষায়। জাপানের বিনিয়োগে মেঘনাঘাটের এই বিদ্যুৎকেন্দ্রটির কাজ প্রায় শেষ পর্যায়ে। মেঘনাঘাটের পর নবায়নযোগ্য জ্বালানিসহ মাতারবাড়ী এলএনজি টার্মিনালে বিনিয়োগে আগ্রহী জাপানের জেরা এশিয়া প্রাইভেট লিমিটেড।
তিনি বলেন, যে সরকারই ক্ষমতায় থাক মানুষের পাশে থেকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অংশ নিতে চায় জাপানে প্রায় ৮০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা এই কোম্পানি।
এসময় বিদ্যুৎ জ্বালানির দাম কমানোর জন্য দীর্ঘ-মেয়াদী চুক্তিতে যাওয়ার পরামর্শও দিয়েছেন এই জ্বালানি উদ্যোক্তা। তিনি আশা প্রকাশ করে বলেন, নভেম্বরের মাঝামাঝি মেঘনাঘাটের ৭১৮ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসবে।









