মালয়েশিয়া ম্যাচ দিয়ে ফিফা আসিয়ান কাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ, খেলা দেখা আইস্ক্রিন। র্যাংকিং ও শক্তির বিচারে প্রতিপক্ষ এগিয়ে থাকলেও ম্যাচটিকে কেবল কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না বাংলাদেশ জাতীয় দলের কোচ টমাস ডুলি। বরং মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাইয়ের পাশাপাশি ভবিষ্যতের সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি।
শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় ইন্দোনেশিয়ার জাকার্তায় গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগেরদিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমন জানান ডুলি।
বলেছেন, ‘এটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমরা সবসময় আরও ভালো দলগুলোর বিপক্ষে খেলতে চেয়েছি। আমাদের ভবিষ্যতের বড় টুর্নামেন্ট সাফ। তাই এই টুর্নামেন্ট এবং আগামী নভেম্বরে হতে যাওয়া সাফের জন্য এটি চমৎকার প্রস্তুতি।’
মালয়েশিয়ার পর সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। তিন প্রতিপক্ষই র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে। তাই বাস্তবতা মেনে এগোতে চান ডুলি। তার মতে, সমর্থকদের প্রত্যাশা থাকলেও মাঠের বাস্তবতা বিবেচনায় বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।
বলেছেন, ‘আমাদের বাস্তববাদী হতে হবে। মালয়েশিয়া আমাদের চেয়ে র্যাংকিংয়ে এগিয়ে, সিঙ্গাপুরও এগিয়ে। তাই ভালো ফলাফল আনা কঠিন হবে। তবুও আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
মালয়েশিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলাই বাংলাদেশের প্রথম লক্ষ্য। ম্যাচে ড্র কিংবা ১-০ ব্যবধানে হারকেও দলের উন্নতির পথে শিক্ষণীয় ফল হিসেবে দেখবেন কোচ। তবে সুযোগ পেলে জয় ছিনিয়ে নেওয়ার স্বপ্নও দেখছেন তিনি।
বলেছেন, ‘মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি যদি আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে পারি, সুযোগ তৈরি করতে পারি, অন্তত একটি গোল করে ড্র করতে পারি, তবে সেটি অসাধারণ হবে। আর যদি জিতে যাই, তাহলে তো কথাই নেই। স্বপ্ন দেখার অধিকার তো সবারই আছে।’









