রাজধানীর মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডের একটি ডাস্টবিনে মানুষের খণ্ডিত পা দেখা গেছে। গোড়ালির কিছুটা উপর থেকে কাটা পা’টিতে ব্যান্ডেজ করা রয়েছে।
সোমবার মধ্যরাতে খণ্ডিত পা দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
রাত সোয়া ১২টার দিকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, আমরাও খবর পেয়েছি। ধারণা করা হচ্ছে কোনো হাসপাতালের থেকে দুই দিন আগে কাটা পা কোনোভাবে এখানে চলে এসেছে। পায়ের ব্যান্ডেজ এবং কাটার ধরণ দেখে মনে হচ্ছে চিকিৎসকরা কেটে বাদ দিয়েছেন। কোনো রক্ত নেই একেবারে শুকনা।
ওসি বলেন, কীভাবে এখানে এসেছে তা পুলিশ খতিয়ে দেখছে।
সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ডাকাতি, ছিনতাই ও খুনসহ সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে লাগাতার অভিযানে নেমেছে যৌথ বাহিনী।









