কাউন্টি চ্যাম্পিয়নশিপে অসাধারণ মৌসুম কাটাচ্ছিলেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। কেন্টের হয়ে প্রতিটি ম্যাচে দেখিয়েছেন নিজের ঝলক। তবে দেশের হয়ে খেলতে বিসিবির ডাকে ক্লাব ছেড়ে ফিরতে হচ্ছে তাকে। তবে আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদ খেলবেন কেন্টের হয়ে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে সমঝোতায় হাসানকে ছেড়েছে তারা। তবে হতাশা প্রকাশ করেছে ইংলিশ ক্লাবটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্ট ক্রিকেট হাসানের বিদায়ের বিষয়টি নিশ্চিত করছে। তারা লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে আলোচনার পর হাসান মাহমুদ আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন শীতকালীন সিরিজের জন্য বাংলাদেশে ফিরে যাবেন।’
‘এর ফলে, ২০২৬ সালের রথসে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ দুই সপ্তাহে কেন্টের হয়ে খেলার জন্য থাকবেন না হাসান। আমরা অবশ্যই তার অভাব অনুভব করব। তবে গ্রীষ্মকালীন মৌসুমের শেষ দুটি ম্যাচের জন্য আমাদের অন্য দুই বিদেশি বোলার, কিথ ডাডজন এবং খালেদ আহমেদ দলের সাথে থাকবেন।’
কেন্টের ক্রিকেট পরিচালক সাইমন কুক বলেছেন, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ পর্যায়ে হাসানের বোলিং পারফরম্যান্স না পাওয়ায় আমরা হতাশ। তবে গঠনমূলক আলোচনার পর বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছে আমরা তাকে সম্মান জানাই এবং শীত মৌসুমে তার সাফল্য কামনা করি।’
ক্লাবটি জানায়, কেন্টে তাকে সবসময় স্বাগত জানানো হবে। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও ভাইটালিটি ব্লাস্ট মিলিয়ে সাত ম্যাচে ৩০ উইকেট শিকার করেছেন তিনি। এ অবদানে তার জন্য ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।









