বক্স অফিসে একের পর এক চমক দেখাচ্ছে মাত্র ২ কোটি টাকা বাজেটে তৈরি সিনেমা ‘হনুমান অংশ’। মুক্তির ৪১তম দিনেও ছবিটির আয় ৬ কোটি টাকা। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য অনুযায়ী, ২৮০ কোটি রুপি গ্রস সংগ্রহ নিয়ে চলতি বছর সবচেয়ে বেশি আয় করা হিন্দি ছবির তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ছবিটি।
ছবিটি মুক্তির আগে এমন সাফল্যের প্রত্যাশা খুব একটা ছিল না। কিন্তু বক্স অফিসে ‘হনুমান অংশ’-এর ধারাবাহিক পারফরম্যান্স দেখে এখন অনেকেই বলছেন, ছবির উপর যেন বাবা নিম করোলির আশীর্বাদ রয়েছে।
মাত্র ২ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবি ৪১তম দিনে এসে শুধু ভারতেই ২৮০ কোটি রুপির গ্রস ব্যবসা করেছে। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে আরো ২০.২৫ কোটি রুপি (গ্রস)! সব মিলিয়ে ৩০০ কোটির মাইলফলক স্পর্শ করলো সিনেমাটি!
১৬ সেপ্টেম্বরের বক্স অফিস হিসাব অনুযায়ী, ‘হনুমান অংশ’ ২০২৬ সালের সবচেয়ে বেশি আয় করা হিন্দি ছবির তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। একইসঙ্গে ছবিটি ‘মির্জাপুর দ্য মুভি’ এবং ‘আওয়ারাপন ২’-এর মতো ছবিকেও সংগ্রহের নিরিখে পিছনে ফেলেছে।
অন্যদিকে ‘মির্জাপুর দ্য মুভি’ ১৬ সেপ্টেম্বর ৩.৭৫ কোটি টাকা আয় করেছে। সেই দিনের আয় যোগ করে ছবিটির মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে ১৯৯.৪৫ কোটি টাকা এবং গ্রস সংগ্রহ ২৩৭.৬৪ কোটি টাকা। অর্থাৎ বর্তমান হিসাব অনুযায়ী, বক্স অফিসে ‘হনুমান অংশ’ এগিয়ে রয়েছে।
শুধু ‘মির্জাপুর দ্য মুভি’ নয়, ২০২৬ সালের আরও একাধিক হিন্দি ছবির মোট গ্রস সংগ্রহকেও পিছনে ফেলেছে ‘হনুমান অংশ’। এই তালিকায় রয়েছে ‘ভূত বাংলা’ (২০৫.৮ কোটি), ‘ধামাল ৪’ (১৮৯.২ কোটি), ‘আওয়ারাপন ২’ (১৭৮.৮ কোটি), ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ (১৫২.২ কোটি), ‘ককটেল ২’ (১১২.৩ কোটি), ‘রাজা শিবাজি’ (১১১.২ কোটি), ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’ (৭৮.২ কোটি), ‘ও রোমিও’ (৭৫.৬ কোটি), ‘আলফা’ (৬৯.৭ কোটি), ‘মারদানি ৩’ (৬০.২ কোটি), ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ (৫৭.৭ কোটি), ‘পতি পত্নী অউর ওহ’ (৫৬.৬ কোটি), ‘বন্টওয়ারা ১৯৪৭’ (৪৩.৪ কোটি), ‘ইক্কিস’ (৩৮.৩ কোটি) এবং ‘চাঁদ মেরা দিল’ (৩৪.৪ কোটি)।
মাত্র ২ কোটি টাকার বাজেট থেকে শুরু করে ৩০০ কোটির বেশি গ্রস সংগ্রহ ‘হনুমান অংশ’-এর এই বক্স অফিস যাত্রা যে ২০২৬ সালের অন্যতম চর্চিত সাফল্যের গল্প হয়ে উঠেছে, তা বলাই যায়।









