পুনরায় নির্বাচিত হয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল।
গতকাল ২৩ জানুয়ারি মঙ্গলবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল সাক্ষরিত একটি শুভেচ্ছা বার্তায় তিনি শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের প্রশংসা করেন এবং পারস্পরিক ও আন্তর্জাতিক স্বার্থে তার সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সাম্প্রতিক পুনর্নিযুক্তির জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই। ইউরোপীয় ইউনিয়ন আপনার দেশের একটি নির্ভরযোগ্য এবং দীর্ঘমেয়াদী অংশীদার। আমরা বাংলাদেশের সাথে টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং অন্যান্য সকল স্বার্থের বিষয়ে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, আমাদের সহযোগিতাকে বিস্তৃত এবং আধুনিকীকরণের উদ্দেশ্যে একটি অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির আলোচনা শীঘ্রই শুরু হবে। এই চুক্তি আগামী বছরগুলোতে আমাদের সম্পর্কের জন্য একটি শক্ত কাঠামো তৈরি করবে।
বাংলাদেশের সাথে আমাদের দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের কাঠামোর মধ্যে, ইউরোপীয় ইউনিয়ন গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের অংশীদারিত্বকে সমুন্নত রাখতে ও এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের সাথে কাজ করে যাবে।









