নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তারা সবাই দুপ্তারা খানপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় স্কুলের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজ শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখেন তারা। এতে সন্দেহ হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পানির নিচ থেকে চার শিশুকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর সন্ধ্যায় দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্য দুজনকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা চার শিশুকেই মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমুল জানান, দুই শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্য দুজনকে স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়েছিল। হাসপাতালে আনার আগেই চার শিশুর মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুরা পুকুরপাড়ে খেলতে গিয়েছিল। তাদের মধ্যে একজন পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে অন্যরাও পানিতে নেমে যায়। একপর্যায়ে চারজনই ডুবে যায়।
ওসি জানান, নিহতদের মধ্যে ১২ বছর বয়সী আফসা ষষ্ঠ শ্রেণিতে পড়ত এবং সে-ই সবার বড়। পুকুর থেকে শিশুদের উদ্ধারের সময় দেখা যায়, দুই শিশু বড় শিশুটির পা ধরে ছিল।
তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে একে একে শিশুরা পানিতে তলিয়ে যাওয়ার পর বড় শিশুটি তাদের উদ্ধারের চেষ্টা করেছিল। কিন্তু দুই শিশু তার পা ধরে ফেলায় সেও পানিতে তলিয়ে যায়। এভাবেই চার শিশুর মৃত্যু হয়ে থাকতে পারে।
পুলিশ জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।









