রাজধানীর ধানমণ্ডি লেক থেকে মো. জাবেদ আহমেদ (৫১) নামে এক ব্যক্তির পানিতে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তিনি পেশায় মার্কেটিং কনসালট্যান্ট ছিলেন। দীর্ঘদিন বেকার থাকায় আর্থিক সংকটে ভুগছিলেন বলেও জানিয়েছে পরিবার।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ধানমণ্ডি ১০ নম্বর সড়কের আবেশ হোটেলের পেছনে একটি ব্রিজের নিচে লেক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ধানমণ্ডি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল গফুর জানান, সকালে স্থানীয়রা পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি জানান, মরদেহের সঙ্গে থাকা একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তার স্ত্রী শাহানা জাবিন খান ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
নিহত জাবেদ আহমেদের বাবার নাম সালাউদ্দিন আহমেদ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা রাজধানীর ভাটারা থানা এলাকায় বসবাস করেন।
পুলিশের কাছে দেওয়া তথ্যে স্ত্রী শাহানা জাবিন খান জানান, জাবেদ আহমেদ দীর্ঘদিন ধরে বেকার ছিলেন। এ কারণে তিনি আর্থিক সংকটে ছিলেন এবং বিষয়টি নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
এসআই আব্দুল গফুর বলেন, আইনি প্রক্রিয়া শেষে জাবেদ আহমেদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে জাবেদ কীভাবে লেকের পানিতে পড়লেন বা তার মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।









