আজ রাজধানীর ওয়ারীর একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৯৯৯ নম্বরে ফোন কলে ৭০ থেকে ৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এই অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
আজ ২২ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার সকাল সাড়ে সাতটায় রাজধানীর ওয়ারীর ২৯ নম্বর র্যাংকিন স্ট্রীটের একটি ১০ তলা ভবনের ৪ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সংবাদ জানিয়ে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জরুরি ফায়ার সার্ভিস সহায়তার অনুরোধ জানান।
কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল জনী সরকার। কনস্টেবল জনী তাৎক্ষণিকভাবে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানান। পরে ৯৯৯ ফায়ার ডেসপাচার ফায়ার ফাইটার মো. আল আমিন কলার এবং সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস স্টেশনের সাথে যোগাযোগ করে অগ্নিনির্বাপণ তৎপরতার খোঁজখবর নিতে থাকেন।
সংবাদ পেয়ে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে বহুতল ভবনের চারতলার বাইরের দিক থেকে কাঁচ ভেঙ্গে হাইড্রলিক ল্যাডারের সাহায্যে ৭০ থেকে ৮০ জনকে জীবিত উদ্ধার করে নীচে নামিয়ে আনেন।









