মরক্কো ফুটবল ফেডারেশন সভাপতি দাবি করেছিলেন, ২০৩০ বিশ্বকাপ ফাইনাল কাসাব্লাঙ্কার গ্র্যান্ড স্টেড হাসান-২ স্টেডিয়ামে হবে। স্টেডিয়ামটি এখনও নির্মাণাধীন রয়েছে। সেই দাবি অস্বীকার করেছে ফিফা। জানিয়েছে, বিশ্বকাপ ফাইনাল মরক্কো নাকি স্পেনে সেটা ‘উপযুক্ত’ সময়ে জানানো হবে।
কোন দেশ ফাইনালের আয়োজক হবে তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি ফিফা। ২০২৬ বিশ্বকাপ জিতেছে স্পেন। এরপর মরক্কো এবং স্পেনের কর্মকর্তারা পরবর্তী ফাইনালের জন্য জোরাল দাবি জানিয়ে আসছেন।
মরক্কো ফুটবলের সভাপতি ফৌজি লেকজা একটি রাজনৈতিক সমাবেশে বলেছেন, মরক্কো ফাইনাল আয়োজনের বিষয়টি নিশ্চিত করে ফেলেছে। ‘বেনস্লিমানে শহরই বিশ্বকাপ ফাইনালের আয়োজন করবে। কারোর ভালো লাগুক বা না লাগুক, আর এ নিয়ে কেউ কথা বলতে চাইলে বলুক। শহরটি হল বেনস্লিমানে, হাসান-২ স্টেডিয়ামই সেই স্টেডিয়াম, এবং আমি আশা করি মরক্কো সেই ফাইনালে খেলবে।’
স্প্যানিশ ফুটবল ফেডারেশন সভাপতি রাফায়েল লোজান বলেছেন, ‘আমরা সবাই যৌথভাবে আয়োজনের প্রার্থিতা মেনে নিতে স্বাক্ষর করেছি, এটা খুবই দুঃখজনক যে ফাইনাল নিয়ে স্পষ্ট করে— সম্পূর্ণ পরিষ্কার করে বলা হয়নি এটি কোথায় অনুষ্ঠিত হবে। পুরুষ ও নারী ফুটবল উভয় ক্ষেত্রেই বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে স্পেনেরই ফাইনাল আয়োজন করা উচিত।’
ফিফার একজন মুখপাত্র ইএফই বার্তা সংস্থাকে জানিয়েছেন, ‘সংস্থাটি যেমন ৫ আগস্ট ঘোষণা করেছিল, সিদ্ধান্তটি উপযুক্ত সময়েই নেয়া হবে।’ পরবর্তী বিশ্বকাপের আয়োজক হবে তিনটি দেশ- স্পেন, মরক্কো এবং পর্তুগাল। বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে উদ্বোধনী ম্যাচের আয়োজক হিসেবে যুক্ত থাকবে আরও তিন দেশ—উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে।
ইউরোপীয় ফুটবলের অনেক কর্মকর্তার মতে, বিশ্বকাপের মতো বহুজাতিক এই আয়োজনকে একটি ইউরোপীয় ইভেন্ট হিসেবে বিবেচনা করা উচিত এবং ফাইনাল মহাদেশটিতেই হওয়া উচিত।









