গাজীপুরের জয়দেবপুরের ভাওয়াল গড় ইউনিয়নের জানাকুর এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজিতে অভিযুক্ত মো. রাসেল রানাকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১।
এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি ও একটি ব্ল্যাংক কার্তুজ উদ্ধার করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) এসআরবি-১-এর অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধী গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় অপহরণকারী, অস্ত্রধারী সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারক, ধর্ষণকারী ও কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশ জানায়, রাসেল রানা দীর্ঘদিন ধরে ওই এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে বুধবার বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে এসআরবি-১, সিপিসি, গাজীপুর এবং সিপিসি-১, উত্তরা ঢাকার যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে রাসেল রানাকে তার নিজ শয়নকক্ষ থেকে গ্রেপ্তার করা হয়। পরে ওই কক্ষ তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি ও একটি ব্ল্যাংক কার্তুজ উদ্ধার করা হয়।
এসআরবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন ও গুলি রাসেল রানা কীভাবে সংগ্রহ করেছিলেন এবং এগুলোর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় রাসেল রানার বিরুদ্ধে গাজীপুরের জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ত্র ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।









