ইয়েমেন উপকূলে একটি বাণিজ্য জাহাজে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইয়েমেনের ইডেন বন্দর থেকে ১২৬ নটিক্যাল মাইল দূরে এ ঘটনা ঘটে বলে ইউনাটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স জানিয়েছে।
শনিবার (২২ জুন) সংবাদ সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে ম্যারিটাইম ট্রেড অপারেশন্স এই তথ্য নিশ্চিত করে।
প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পর জাহাজটি তার যাত্রা চালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং ‘ক্রুরা নিরাপদ বলে জানা গেছে’।
সংস্থাটি জানায়, জাহাজটির কর্মীরা নিরাপদে রয়েছে, জাহাজটি পরবর্তী বন্দরের দিকে যাচ্ছে। তবে জাহাজটির পরিচয় প্রকাশ করা হয়নি।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা গাজা উপত্যকায় ইসরায়েল-হামাস যুদ্ধে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে চলেছে।
বিদ্রোহীদের হামলার জবাবে মার্কিন এবং ব্রিটিশ বাহিনীর প্রতিশোধমূলক হামলা এবং এডেন উপসাগর ও লোহিত সাগরের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ শিপিং লেন রক্ষার জন্য একটি আন্তর্জাতিক জোট গঠন হয়েছে।
মার্কিন সেনাবাহিনী বৃহস্পতিবার বলেছে, তারা ইয়েমেনের কাছে লোহিত সাগরে চারটি হুথি নটিক্যাল ড্রোন এবং দু’টি বিমান ধ্বংস করেছে।









