টেলিভিশন জগতের অস্কার বলা হয় এমি অ্যাওয়ার্ডসকে। সোমবার (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসেছিল ৭৮তম এমির আসর। এতে সর্বোচ্চ ১৪টি পুরস্কার জিতে রেকর্ড গড়েছে অ্যাপল টিভির ‘উইডোস বে’।
এর আগে সর্বোচ্চ ১৩টি পুরস্কার জয়ের রেকর্ড গড়েছিল ২০২৫ সালের কমেডি সিরিজ ‘দ্য স্টুডিও’। সেটাকে এবার টপকে গেল ‘উইডোস বে’। সেরা কমেডি সিরিজ ছাড়াও অভিনয়, পরিচালনা, চিত্রনাট্যসহ প্রধান পুরস্কারগুলো জিতে নিয়েছে এটি।
এবারের আয়োজনে অভিনয়ের ক্ষেত্রেও তৈরি হয়েছে নতুন ইতিহাস। ‘উইডোস বে’ এবং ‘দ্য বিস্ট ইন মি’-এর জন্য কমেডি ও লিমিটেড সিরিজ—দুই বিভাগেই সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ম্যাথিউ রাইস। একই আসরে দুটি আলাদা বিভাগে সেরা অভিনেতা হওয়ার এমন নজির আগে দেখা যায়নি।
ম্যাথিউ রাইসের সাফল্য এখানেই শেষ নয়। ২০১৮ সালে ‘দ্য আমেরিকানস’ সিরিজের জন্য ড্রামা বিভাগে সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছিলেন তিনি। ফলে এমির ইতিহাসে তিনিই প্রথম অভিনেতা, যিনি ড্রামা, কমেডি ও লিমিটেড সিরিজ—তিন বিভাগেই সেরা অভিনেতার স্বীকৃতি অর্জন করেছেন।
সেরা অভিনেত্রীর বিভাগে অনন্য রেকর্ড গড়েছেন জিন স্মার্ট। লিমিটেড সিরিজ ‘হ্যাকস’-এর জন্য এবারও পুরস্কার জিতে টানা পাঁচবার এমি জয়ের নজির গড়েছেন তিনি। গত চার আসরেও একই সিরিজের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন স্মার্ট। এবারের জয় নিয়ে তার মোট এমি সংখ্যা দাঁড়িয়েছে আটটিতে। এর মাধ্যমে জুলিয়া লুইস-ড্রেফাস ও ক্লোরিস লিচম্যানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ আটটি এমি জয়ের রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি।
এদিকে ‘দ্য ডিপ্লোম্যাট’-এর জন্য ড্রামা সিরিজে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অ্যালিসন জেনি। এই জয়ের মাধ্যমে তার ক্যারিয়ারে এমি পুরস্কারের সংখ্যা আটটিতে পৌঁছেছে।
এক নজরে জেনে নেওয়া যাক ৭৮তম এমি অ্যাওয়ার্ডসের উল্লেখযোগ্য বিজয়ীদের নাম:
সেরা ড্রামা সিরিজ: ‘দ্য পিট’
সেরা কমেডি সিরিজ: ‘উইডোজ বে’
সেরা লিমিটেড/অ্যানথোলজি সিরিজ: ‘ডিএফটি সেন্ট লুইস’
ড্রামা সিরিজের সেরা অভিনেতা: নোয়া ওয়াইল, ‘দ্য পিট’
ড্রামা সিরিজের সেরা অভিনেত্রী: রিয়া সিহর্ন, ‘প্লুরিবাস’
কমেডি সিরিজের সেরা অভিনেতা: ম্যাথিউ রাইস, ‘উইডোজ বে’
কমেডি সিরিজের সেরা অভিনেত্রী: জিন স্মার্ট, ‘হ্যাকস’
লিমিটেড/অ্যানথোলজি সিরিজের সেরা অভিনেতা: ম্যাথিউ রাইস, ‘দ্য বিস্ট ইন মি’
লিমিটেড/অ্যানথোলজি সিরিজের সেরা অভিনেত্রী: স্যালি ফিল্ড, ‘রিমার্কেবল ব্রাইট ক্রিয়েচারস’
ড্রামা সিরিজের সেরা পরিচালক: সোল মেটস্টাইন, ‘স্লো হর্সেস’
কমেডি সিরিজের সেরা পরিচালক: হিরো মুরাই, ‘উইডোজ বে’









