এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পবিত্র মক্কা নগরীতে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, পবিত্র মক্কা নগরী আল্লাহ তায়ালার ঘর কাবার কারণে সম্মানিত। এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম স্থান। এখানে যেকোনো ধরনের হামলা হলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো সবার নৈতিক ও ঈমানি দায়িত্ব।
তিনি আরও বলেন, ‘এ ঘটনার তীব্র নিন্দা জানাই। হামলাকারী হুতি হোক কিংবা যে কেউ হোক, এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের বিমান প্রতিরক্ষা বাহিনী মক্কার দক্ষিণে একটি হুতি ড্রোন শনাক্ত করে ধ্বংস করার কথা জানায়। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, ড্রোনটি পবিত্র নগরীর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয়। তবে মক্কাকে লক্ষ্য করে ড্রোন পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে হুতিরা।









