ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে ঐতিহ্যবাহী ক্লাবটি ৩ উইকেটে ৩৯২ রানের পাহাড় গড়েছে। ১৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে লিগের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের কীর্তি গড়েছেন মুর্শিদা খাতুন হ্যাপি। সোবহানা মোস্তারিও পেয়েছেন শতক।
পরে বোলারদের কল্যাণে ২৫১ রানের বিশাল ব্যবধানে জিতেছে মোহামেডান। ব্যাটিং বিপর্যয়ে পড়া গুলশানের ইনিংস ৪৯.৪ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায়।
বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিংয়ে নামা মোহামেডানকে উড়ন্ত সূচনা এনে দেন জেসিয়া আক্তার ও মুর্শিদা। দুজনে ১৩৫ রানের জুটি গড়েন। জেসিয়া ৪১ বলে ১১ চার ও ৭ ছক্কায় ৭৫ রানের ইনিংস খেলে উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়েন।
দ্বিতীয় উইকেটে মুর্শিদা ও সোবহানা মোস্তারি ২৫৭ রানের বিশাল জুটি গড়েন, মোহামেডানকে চারশো ছুঁইছুঁই সংগ্রহ এনে দেয়। জোড়া সেঞ্চুরিতে গুলশানের বোলাররা দিশেহারা হয়ে পড়েন।
শেষ ওভারে আউট হওয়ার আগে ১০১ বলে ৫ চার ও ৭ ছক্কায় ১২৮ রান করে যান সোবহানা। রেকর্ড গড়া মুর্শিদা ১৭৯ রানের ইনিংসের পথে খেলেন ১৫৭ বল, হাঁকান ২৩ চার ও ২ ছক্কা।
গুলশানের পক্ষে ফারিয়া আক্তার নেন ৩ উইকেট। ৯ ওভারে খরচ করেন ৬৬ রান।
বিশাল লক্ষ্য তাড়ায় মোহামেডানের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি গুলশান। ৭৪ রানে সাজঘরে ফেরে তাদের ৭ ব্যাটার। শারমিন আক্তার সোহা ২১ রানে লেগ বিফোরের ফাঁদে পড়েন।
অষ্টম উইকেটে সান্দিহা ইসলাম আশা ও সুরাইয়া আজমিম ধীরগতির ব্যাটিংয়ে ৪৭ রান যোগ করে গুলশানকে একশো রানের গণ্ডি পার করান। ৬৫ বলে ৪টি চারে ৩২ রান করা সান্দিহা উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। খানিকপর আজমিম ৩৮ বলে ৪টি চারে ২৯ রানে বিদায় নেন।
মোহামেডানের হয়ে ১০ ওভারে ৬ মেডেনসহ মাত্র ৯ রানে ৩ উইকেট নেন রুমানা আহমেদ। দুটি করে উইকেট নেন ফারিহা তৃষ্ণা, অধিনায়ক সালমা খাতুন ও সাবেকুন নাহার।









