‘গেম অব থ্রোনস’ অভিনেতা ড্যারেন কেন্ট মারা গেছেন। গত শুক্রবার শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৩৬ বছর। মঙ্গলবার টুইট করে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার ট্যালেন্ট এজেন্সি কেরি ডড অ্যাসোসিয়েটস।
এজেন্সির তরফ থেকে লেখা হয়েছে, ‘গভীর শোক প্রকাশ করে জানাতে চাই, আমাদের প্রিয় বন্ধু এবং ক্লায়েন্ট ড্যারেন কেন্ট শুক্রবার শান্তিপূর্ণভাবে চলে গিয়েছেন। তার বাবা-মা এবং সবচেয়ে ভালো বন্ধু তার পাশে ছিলেন। এই দুঃসময়ে আমাদের ভালোবাসা তার পরিবারের সঙ্গে রয়েছে।’
কেন্টও অস্টিওপরোসিস এবং আর্থ্রাইটিস ছাড়াও ত্বকের নানা রোগের সমস্যা ভুগছিলেন। তিনি একজন পুরষ্কার বিজয়ী লেখক এবং পরিচালকও ছিলেন।
২০০৮ সালের হরর সিনেমা ‘মিররস’-এ প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান কেন্ট। তিনি ‘গেম অব থ্রোনস’-এর একটি পর্বে উপস্থিত হয়েছিলেন, স্লেভার্স বে-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।
২০২৩ সালের সিনেমা ‘ডানজিয়নস অ্যান্ড ড্রাগনস: অনার অ্যামং থিভস’-এ একটি গুরুত্ব পূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন।
‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’, ‘মার্শাল ল’, ‘ব্লাডি কাটস’, ‘দ্য ফ্রাঙ্কেনস্টাইন ক্রনিকলস’, ‘ব্লাড ড্রাইভ’, ‘লেস মিজারেবলস’, ‘গ্রিন ফিঙ্গারস’, ‘ইস্টএন্ডারস’, ‘হ্যাপি আওয়ারস’, ‘লাভ উইদ আউট ওয়ালস’ এবং ‘বার্ডস সরো’-র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।
সূত্র: ভ্যারাইটি









