দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকার শুধু ক্রিকেট বা ফুটবলে সীমাবদ্ধ নয়, বরং সার্ফিংসহ সব ধরনের খেলাধুলার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শুক্রবার পর্যটন নগরী কক্সবাজারের সমুদ্রসৈকতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে অষ্টম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। টুর্নামেন্টের উদ্বোধনকালে আমিনুল হক জানান এমন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘ইতোমধ্যে অনেক খেলোয়াড়কে বেতনের আওতায় আনা হয়েছে এবং আর্থিকভাবে দুর্বল ফেডারেশনগুলোকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। তিনি আরও আশ্বস্ত করেন যে সার্ফাররা আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরম্যান্স করতে পারলে ভবিষ্যতে তাদেরও বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।’
এবারের প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে শতাধিক সার্ফার অংশ নিচ্ছেন। সংশ্লিষ্টরা আশা করছেন যে এই আয়োজন দেশে সার্ফিং খেলাকে আরও জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক করে তোলার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করবে।









