রাজধানীর ধানমণ্ডিতে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘন, আর্থিক অনিয়ম, নিরাপত্তা দুর্বলতা ও ফ্ল্যাট মালিকদের হয়রানির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের মধ্যে সিকিউরিটি মানি না দেওয়ায় এক ফ্ল্যাট মালিককে হুমকি ও হয়রানির অভিযোগে ধানমণ্ডি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন মো. ওবায়দুল্লাহ আনসারী।
ফ্ল্যাট মালিকদের একাংশের দাবি, ২০২৫ সালের ১৪ এপ্রিল বহিরাগতদের উপস্থিতিতে জেহাদ উদ্দিন সভাপতি পদে দায়িত্ব নেন। এরপর গঠনতন্ত্র অনুযায়ী এক বছরের পরিবর্তে দুই বছর কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়। কমিটির আয়-ব্যয়ের হিসাব প্রকাশ না করা, অডিট কমিটিকে স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া এবং ভবন রং করতে প্রায় সাড়ে তিন লাখ টাকা ব্যয়ের বিপরীতে বিল-ভাউচার না থাকার অভিযোগও করেছেন তারা।
জেনারেটর, লিফট, লবি ও ছাদবাগানের খরচ নিয়েও প্রশ্ন তুলেছেন মালিকরা। এ ছাড়া, মসজিদের তহবিলের হিসাব প্রকাশ না করা, ইমাম নিয়োগে অনিয়ম, অচল সিসিটিভি ক্যামেরা এবং নকশাবহির্ভূতভাবে একটি ফ্ল্যাটের ছাদ কাটার অভিযোগ রয়েছে। ব্যবস্থাপনা কমিটির নাম ব্যবহার করে ফ্ল্যাট বিক্রির কার্যক্রম পরিচালনার অভিযোগও করেছেন মালিকদের একাংশ।
অন্যদিকে, গত মে মাসে ভবনের একটি ফ্ল্যাট কিনে পরিবার নিয়ে বসবাস শুরু করেন ওবায়দুল্লাহ আনসারী। তার অভিযোগ, মালিক সমিতির কয়েকজন সদস্য ৫০ হাজার টাকা সিকিউরিটি মানি দাবি করেন। আগের মালিক এই টাকা পরিশোধ করেছেন দাবি করে তিনি তা দিতে অস্বীকৃতি জানান।
এরপর তাকে হুমকি দেওয়া, বাসার ইন্টারকম সংযোগ বিচ্ছিন্ন করা এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন তিনি।
অভিযোগে রাসেদুল হক সিকদার, কাজী শহীদুল ইসলাম লিটন, আ.ন.ম. জিয়াউল ইসলাম মিঠু, মো. জেহাদ উদ্দিন ও নাদিম উদ্দিন আহমেদ খানের নাম উল্লেখ করা হয়েছে। হয়রানির কারণে স্ত্রী ও দুই সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়েছেন ওবায়দুল্লাহ।
তবে এসব অভিযোগের বিষয়ে জেহাদ উদ্দিনসহ অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
ধানমণ্ডি থানা পুলিশ জানিয়েছে, আগামী শুক্রবার অ্যাপার্টমেন্ট মালিক সমিতির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হবে। তবে আলোচনার মাধ্যমে সমাধান না হলে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে পুলিশ যথাযথ পদক্ষেপ নেবে।
অভিযোগের সত্যতা যাচাই করে ভবন ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানিয়েছেন ফ্ল্যাট মালিকদের একাংশ।









