মাঘের শেষে এসে চুয়াডাঙ্গায় হঠাৎ করেই শীতের দাপট বেড়ে গেছে। এক দিনের ব্যবধানে জেলায় তাপমাত্রা কমেছে ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ উঠানামা করছে। ঠান্ডা বাতাসে এলাকার পরিবেশ আরও শীতল হয়ে উঠেছে। শীতের তীব্রতা বাড়ায় ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ (৭ ফেব্রুয়ারি) শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার এই জেলায় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে রোদের তীব্রতা ও বেড়ে যাচ্ছে। গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ১৫-১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে।
চুয়াডাঙ্গা পৌর এলাকার আরাম বাড়ার বাসিন্দা ফিরোজ মিয়া বলেন, গত কয়েকদিন শীতের তীব্রতা অনেকটা কমে গিয়েছিল। ধরেই নিয়েছিলাম শীত বিদায় নিচ্ছে। তবে আজ ভোর থেকে হঠাৎ করেই প্রচণ্ড ঠান্ডা পড়ছে। শীতে হাত মুখ টাটিয়ে (অবশ) হয়ে যাচ্ছে।









