ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জিহাদ হাওলাদার নামে ২৪ বছর বয়সী একজন কসাইকে গ্রেপ্তার করেছে ভারতের গোয়েন্দা সংস্থা।
ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, গতকাল ২৩ মে বৃহস্পতিবার ২৪ জিহাদ হাওলাদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ভারতের গোয়েন্দা সংস্থা। জিহাদ একজন কসাই। বাংলাদেশের খুলনার বাসিন্দা জিহাদ হাওলাদার অবৈধভাবে মুম্বাইয়ে বাস করতেন।
এই জিহাদই সাংসদকে খুনের পর টুকরো টুকরো করেন। এই কাজের জন্য আখতারুজ্জামান মুম্বাই থেকে তাকে ২ মাস আগেই জিহাদকে কলকাতায় নিয়ে এসেছিলেন। জিহাদ জেরায় স্বীকার করেছে সে ও আরও চারজন বাংলাদেশি নাগরিক মিলে সাংসদকে নিউ টাউনের ফ্ল্যাটে খুন করে।
অন্যদিকে বাংলাদেশে গ্রেপ্তারকৃত তিন অভিযুক্তকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেছে কলকাতার ৪ সদস্যের পুলিশ দল। অভিযুক্তদের তথ্যের ভিত্তিতে এমপির মরদেহ উদ্ধার ও খুনের কারণ উদঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিবি প্রধান।
এর আগে তিনি জানান, কলকাতার নিউটাউনে সঞ্জিভা গার্ডেন্সের ফ্ল্যাটে প্রবেশের মাত্র আধাঘণ্টার মধ্যেই আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়।









