ছেলেদের জুনিয়র এশিয়া কাপ হকিতে শুরুটা ভালো হল না বাংলাদেশের। স্বাগতিক চীনের বিপক্ষে লিড পেলেও শেষ মুহূর্তে গোল হজম করেছে লাল-সবুজের দল। ৩-২ গোলে হার দেখেছে মাহমুদ হাসানদের।
শুক্রবার হুলুনবুইর সিটিতে ম্যাচের শুরুতে এগিয়ে যায় চীন। ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন ওয়াং ইউবো। দ্রুত ম্যাচে ফেরে বাংলাদেশ। কয়েক সেকেন্ডের মধ্যে ফিল্ড গোল করে সমতা ফেরান মো. ইসলাম। ১-১ সমতায় শেষ হয় প্রথম কোয়ার্টার। ২৬ মিনিটে আরেকটি ফিল্ড গোল করে বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মেহেদী হাসান। ২-১এ এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারে সমতায় ফেরে চীন। ৪৪ মিনিটে ফিল্ড গোলে স্কোর ২-২ করেন সান জিংরান। শেষ কোয়ার্টারে জয়সূচক গোলের জন্য দুদলই মরিয়া হয়ে ওঠে। ৫৩ মিনিটে ফিল্ড গোল করে চীনকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন ডিং শুয়ান। বাকি সময়ে বাংলাদেশ আর সমতা ফেরাতে পারেনি। জয় নিশ্চিত করে স্বাগতিক দল।









