একের পর এক বিতর্ক ও মাঠে দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণে আলোচনায় ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের ব্রিটিশ কোচ জেরার্ড জোন্স। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই চলাকালীনই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চুক্তিও বাতিল করা হয়েছে জোন্সের সাথে।
শুক্রবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাফুফে। আগামী ৬ সেপ্টেম্বর বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু।
উজবেকিস্তানের তাসখন্দে চলমান এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের পর সিরিয়ার বিপক্ষেও ৩-০ গোলে হারের পর জোন্সকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় বাফুফে। শুক্রবার সকালে তাকে দলের টিম হোটেল থেকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
মাঠের ফলের বাইরেও সাম্প্রতিক সময়ে জোন্সকে ঘিরে তৈরি হয়েছিল নানা বিতর্ক। বেতন বকেয়া থাকার অভিযোগ তুলে ফেসবুকে বক্তব্য প্রকাশ করেছিলেন তিনি। সহকারী কোচ আতিকুরের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছিলেন।
টানা দুই হারে আগামী বছর চীনে গড়াতে চলা অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠার দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ। ৬ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে।









