এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। তবে এখনো নিখোঁজ রয়েছেন শান্ত (২৪) নামে এক তরুণ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত নদীর পৃথক স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। ভৈরব থেকে আসা ডুবুরি দল নদীর প্রায় ৬ থেকে ১০ কিলোমিটার এলাকায় তল্লাশি চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার বিকেলে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে প্রবল স্রোতে চারজন তলিয়ে যান।
নিহত তিনজন হলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ (২০) এবং কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের শান্তা (১৬)। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন শান্ত (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লাখপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন ওবায়দুল্লাহ, শান্তা ও শান্ত। শুক্রবার বিকেলে স্থানীয় কয়েকজনের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। তাদের কেউ সাঁতার জানতেন না।
নদীতে নামার পর প্রবল স্রোতে তিনজন তলিয়ে যেতে থাকেন। তাদের উদ্ধারে এগিয়ে গেলে স্বজন সৌরভও পানিতে তলিয়ে যান।
পরে স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করেন। কাউকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিসের একটি দল শুক্রবার বিকেলে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার সকাল পর্যন্ত অভিযান স্থগিত রাখা হয়।
শনিবার সকালে ভৈরব থেকে ডুবুরি দল এসে নতুন করে তল্লাশি শুরু করে। নদীর প্রায় ৬ থেকে ১০ কিলোমিটার এলাকায় অভিযান চালানোর পর দুপুর ২টার দিকে কালীগঞ্জের দীঘুয়া এলাকা থেকে শান্তার মরদেহ উদ্ধার করা হয়। পরে নদীর পৃথক স্থান থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি মো. কোহিনূর মিয়া জানান, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ শান্তর সন্ধানে নদীতে ডুবুরি দলের অভিযান চলছে। পরিবারের সঙ্গে আলোচনা করে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









