তৃণমূল নেতাদের কড়া বার্তা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ও পৌর শাখার চার নেতাকে দল থেকে বহিষ্কার করেছে এই দল।
আজ (৪ নভেম্বর) মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যার পর সীতাকুণ্ডের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেইট এলাকায় দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, রাস্তা অবরোধ ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
এর প্রেক্ষিতে সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌর আহ্বায়ক মামুন এবং যুবদলের সোনাইছড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টুকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।









