ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে ভোজপুরি অভিনেত্রী অমৃতা পাণ্ডে অন্নপূর্ণার ঝুলন্ত দেহ। মঙ্গলবার কে বিহারের ভাগলপুরের অ্যাপার্টমেন্ট থেকে মরদেহ উদ্ধার করা হয়। অভিনেত্রীর মৃত্যুকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ।
অ্যাপার্টমেন্টে শাড়ি দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার দেহ পাওয়া যায়। পরে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কোনও সুইসাইড নোট না পেলেও মৃত্যুর কয়েক ঘণ্টা আগে অভিনেত্রীর দেয়া হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস নিয়ে তৈরি হয়েছে রহস্য। এই বার্তার মধ্যেই তার মৃত্যুর রহস্য লুকিয়ে রয়েছে বলে মনে করছে পুলিশ।
মৃত্যুর দিন নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছিলেন, ‘ওর জীবন দুই নৌকায় পা দিয়ে চলছিল। আমি আমার জীবনের নৌকা ডুবিয়ে ওর যাত্রা সহজ করে দিয়ে গেলাম।’
অভিনেত্রীর পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা জানাচ্ছেন, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন । সেজন্য নিয়মিত চিকিৎসাও নিচ্ছিলেন তিনি।
বিহারের ভাগলপুরে এক বিয়ে বাড়িতে এসেছিলেন তিনি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেলেও সেখানে কিছু দিন থেকে যাওয়ার পরিকল্পনা ছিল এই ভোজপুরি অভিনেত্রীর।
অমৃতা পাণ্ডে অন্নপূর্ণা ২০২২ সালে চন্দ্রমণি ঝাঙ্গাদের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। মুম্বাইয়ে একসঙ্গে থাকতেন এই দম্পতি।
অমৃতা পাণ্ডে ভোজপুরি সুপারস্টার খেসারি লাল যাদবের সঙ্গে ‘দিওয়ানাপন’ ছবিতে কাজ করেছিলেন।
সূত্র: কইমই









