রেকর্ড দামে বিক্রি হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) টাইটেল স্পন্সরশিপ। আগামী পাঁচ বছরের জন্য ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছে টাটা গ্রুপ। যার জন্য প্রতি মৌসুমে তাদের খরচ করতে হবে ৫০০ কোটি রুপি। পাঁচ বছরে যার পরিমাণ দাঁড়াবে ২ হাজার ৫০০ কোটি।
২০২২ সালে প্রথমবার আইপিএলের টাইটেল স্পন্সরের (প্রধান পৃষ্ঠপোষক) স্বত্ব পেয়েছিল টাটা গ্রুপ। গত মৌসুমেও তারাই ছিল মূল পৃষ্ঠপোষক। ভারতের বহুজাতিক কোম্পানিটি আরও পাঁচ বছর আইপিএলের সঙ্গে থাকছে। এসময়ে বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার কোটি টাকারও বেশি খরচ করবে টাটা গ্রুপ। যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ টাইটেল স্পন্সরশিপ।
দুই হাজার ১৯৯ কোটি রুপিতে ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত আইপিএলের টাইটেল স্পন্সর ছিল চায়নার মোবাইল কোম্পানি ভিভো। ২০২০ সালের জুনে ভারত ও চীনের মধ্যে রাজনৈতিক কারণে চীনা মোবাইল ও প্রযুক্তি সংস্থা ভিভোর সঙ্গে সাময়িকভাবে সম্পর্ক ছিন্ন করে বিসিসিআই।
২০২০ মৌসুমের জন্য ড্রিম ইলেভেনকে টাইটেল স্পন্সর করে আইপিএল। পরের মৌসুমের জন্য অবশ্য আবার ফিরে আসে ভিভো।
২০২২ সালে আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে যোগ দেয় টাটা। প্রতি মৌসুমে ৩৬৫ কোটি রুপি করে দেয়ার চুক্তি করে তারা। দুবছর এই চুক্তি সম্পন্ন করার পর এবার নতুন করে তাদের সঙ্গেই চুক্তির মেয়াদ বাড়াল বিসিসিআই।









