বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন দ্বিপক্ষীয় সিরিজের ফরম্যাটে পরিবর্তন আনা হয়েছে। আগের পরিকল্পনা অনুযায়ী ওয়ানডে সিরিজ থাকার কথা ছিল, সেখানে এখন শুধু টি-টুয়েন্টি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মূল লক্ষ্য, ২০২৫ সালের এশিয়া কাপ ও ২০২৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি।
আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে হবে টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর। চলতি বছরের সেপ্টেম্বরে রয়েছে এশিয়া কাপ। বিশ্বকাপ সামনে রেখে মহাদেশীয় প্রতিযোগিতাটি সংক্ষিপ্ত ফরম্যাটে হবে। আর আসন্ন দুটি টুর্নামেন্ট কেন্দ্র করে ওয়ানডের বদলে বাংলাদেশ-পাকিস্তান দুটি সিরিজ টি-টুয়েন্টিতে হবে, ভারতের গণমাধ্যমে এমন জানিয়েছেন বিসিবির এক মুখপাত্র।
বলেছেন, ‘পরবর্তী টি-টুয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের প্রস্তুতির জন্য আমরা পাকিস্তান সফরে ওয়ানডের বদলে টি-টুয়েন্টি খেলার পরিকল্পনা করেছি। এরপর পাকিস্তান যখন বাংলাদেশ সফরে আসবে, তারাও তিনটি টি-টুয়েন্টি খেলবে এখানে।’
বিসিবির মুখপাত্রের মতে, ঢাকায় তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ হতে পারে ২০, ২২ ও ২৪ জুলাই। মে মাসে পাকিস্তান সফরে যাবে টিম টাইগার্স। যেখানে দুদলের তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল।









