মঙ্গলবার থেকেই চট্টগ্রামে শুরু হয়েছিল মুষলধারে বৃষ্টি। বুধবার সকালে খানিক বিরতি ছিল। তবে বেলা বাড়ার সাথেই ফের হানা দেয় বৃষ্টি। আর তাতে পণ্ড হয়ে যায় ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি।
বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর দেড়টায় টস এবং ২টায় খেলা গড়ানোর কথা ছিল। তবে কভার তোলারও সুযোগ মেলেনি। মাঝে বৃষ্টির গতি কমায় জেগেছিল খানিক আশা।
সময় বেঁধে দেয়া হয় ৩টা ১০ মিনিট পর্যন্ত। এর মধ্যে খেলা শুরু হলে পূর্ণ ২০ ওভারেই হওয়ার কথা ছিল। এরপর সময় গড়ালে ওভার কাটা শুরু হত। বিকেল ৪টা ৫০ মিনিটে ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা ছিল। ৫টা ১৬ মিনিটে ম্যাচ আরম্ভ করা গেলে তা ৫ ওভারে নেমে আসতো। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় ম্যাচ পরিত্যক্তের ঘোষণা আসে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ জানিয়েছে, যে সকল দর্শক অনলাইনে এই ম্যাচের টিকেট কিনেছিলেন, তাদের নির্ধারিত নীতিমালা অনুযায়ী টাকা রিফান্ড বা ফেরত দেয়া হবে।
সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৬ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ গড়াবে আগামী ২ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ডাচ-বাংলা ব্যাংক তিন ম্যাচের সিরিজের শেষ টি-টুয়েন্টির ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে।









