লক্ষ্যটা খুব বেশি নয় পাকিস্তানের। এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটাদের ব্যর্থতায় পাকিস্তানকে ১৯৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। স্বল্প রান তাড়ায় নেমে দুই ব্যাটারকে হারালেও সহজ পথেই আছে স্বাগতিক দলটি।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত নেয় টিম টাইগার্স। টপঅর্ডারদের ব্যর্থতার পর দলকে লড়াইয়ে ফেরান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। পরে ১৯৩ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস।
জবাবে নেমে জয়ের পথে হাঁটছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯০ রান। ক্রিজে আছেন ৪১ রান করা ইমাম উল হক। সঙ্গ দিচ্ছেন ১১ রান করা মোহাম্মদ রিজওয়ান।
পাকিস্তানের দুই ওপেনার দেখেশুনে মোকাবেলা করছিলেন টাইগার বোলারদের। রান তুলছিলেন চাপমুক্ত থেকে। ৯.১ ওভারে ৩৫ রানে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপে প্রথম আঘাত হানেন শরীফুল ইসলাম। লেগ বিফোরের ফাঁদে ফেলে ফেরান ফখর জামানকে। ৩১ বলে ২০ রান করে যান এ ওপেনার।
ইমাম উল হকের সঙ্গে জুটি গড়েন বাবর আজম। দুবার দ্বিতীয় উইকেট জুটি ভাঙার সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। ১১তম ওভারের পঞ্চম বলে ইমামকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন হাসান মাহমুদ। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। বল আউট সাইড লেগে ড্রপ করায় রিভিউ হারায় সাকিব আল হাসানের দল।
১৪তম ওভারের দ্বিতীয় বলে ফের ইমামকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাসকিন। আম্পায়ার এবারও সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। আগেরবারের মতো বল আউট সাইড লেগে ড্রপ করায় দুটি রিভিউ হারায় টিম টাইগার্স।
১৬তম ওভারের তৃতীয় বলে সাফল্যের দেখা পান তাসকিন। বোল্ড করে ফেরান বাবর আজমকে। ২২ বলে ১৭ রান করেন পাকিস্তান অধিনায়ক।
১৯তম ওভারে বলে আসেন মেহেদী হাসান মিরাজ। ইনিংসে নিজের প্রথম বলে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ইমাম উল হককে। আম্পায়ার এবার সাড়া দেন। রিভিউ নিয়ে বেঁচে যান পাকিস্তান ওপেনার।









