দুর্দান্ত পারফরম্যান্সে টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ হাই-পারফরম্যান্স দল। সেরা চারে এসে হোঁচট খেয়েছে লাল-সবুজের দলটি। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া একাদশের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও বোলিংয়ে ঘুয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত নাটকীয় ম্যাচে হার দেখতে হয়েছে।
ডারউইনে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভিক্টোরিয়া। ১৭.১ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে দুই বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে অস্ট্রেলিয়ার দলটি। ১৯.৪ ওভারে ৯ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১০৫ রান।
আগে নেমে ওপেনার হাবিবুর রহমান সোহান ৩ এবং জিসান আলম ৩০ রান করেন। আরিফুল ইসলাম ১৯, আব্দুল গাফফার সাকলাইন ১০ এবং আবু হায়দার রনি ১২ রান করেন। আর কোন ব্যাটার দুঅঙ্কের রান করতে পারেননি।
ভিক্টোরিয়ার হয়ে উইল সাদারল্যান্ড ৪ উইকেট নেনে। হ্যারি হোকস্ট্রা, স্যাম এলিয়ট এবং টড মারফি ২টি করে উইকেট নেন।
রানতাড়ায় নেমে শুরুতে সুবিধা করতে পারেনি ভিক্টোরিয়া। তবে কাজের কাজটা করেছে। ওপেনার টম রজার্স ১৮, ক্যাম্পবেল কেলওয়ে ২৩, ব্লেক ম্যাকডোনাল্ড ১৫, সাদারল্যান্ড ১৬ এবং লিয়াম ব্ল্যাকফোর্ড অপরাজিত ১৯ রান করেন।
বাংলাদেশ এইচপির হয়ে মোহাম্মদ রুবেল ৩টি, শামিম হোসেন ২টি উইকেট নেন। আবু হায়াদ, রিপন মণ্ডল ও রাকিবুল হোসেন ১টি করে উইকেট নেন।









