রোববার, ২০ সেপ্টেম্বর, দেশজুড়ে বৃষ্টি ভেজা সকাল, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য ছিল বেশ গুরুত্বপূর্ণ। এশিয়ান গেমসে ৮টি আলাদা ইভেন্টে ছেলে এবং মেয়েদের মিলিয়ে ১০টি পৃথক ম্যাচে নেমেছিলেন লাল-সবুজের প্রতিনিধিরা। তবে হতাশার, প্রতিটি খেলায় হেরে গেছে বাংলাদেশের খেলোয়াড় ও দলগুলো।
সকালে মেয়েদের হকি দিয়ে শুরু, মাঝে মেয়েদের ক্রিকেট। এর সাথে হয়েছে রোড সাইকেলিং, ছেলেদের কারাতে, ছেলে এবং মেয়েদের টেবিল টেনিস এবং ছেলে ও মেয়েদের বিচ ভলিবল।
শুরুটাই হয় বিপর্যয় দিয়ে। মেয়েদের হকির ইভেন্টে নিজেদের প্রথম ম্যাচে চীনের বিপক্ষে ১৩-০ গোলে হেরে যায় বাংলাদেশ।
আরেক খেলা মেয়েদের ক্রিকেটে ছিল টি-টুয়েন্টির সেমিফাইনালের লড়াই। সেখানেও ভারতের বিপক্ষে শোচনীয় হার দেখতে হয়েছে। ভারতের দেয়া ১৯৬ রানের লক্ষ্যে নেমে ৮১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১১৪ রানে হেরে ব্রোঞ্জের ম্যাচে খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে।
রোড সাইকেলিংয়ে শাহাদাত হোসাইন ১৬তম হয়েছেন। কাজাখস্তানের স্বর্ণপদক জয়ী আলেক্সি লুটসেঙ্কোর চেয়ে ১৬.১৮ সেকেন্ডে পিছিয়ে ছিলেন তিনি।
ছেলেদের ৬০ কেজি কারাতে কুমিতে মালয়েশিয়ার হারই শঙ্করের বিপক্ষে ৫-০ পয়েন্টে হেরেছেন বাংলাদেশের মোহাম্মদ সিয়াম হোসেন। সিয়ামের বিপক্ষে ২ ইউকো এবং ১ ইপ্পন আদায় করে নেন শঙ্কর।
টেবিল টেনিসেও গ্রুপপর্বে হেরেছে বাংলাদেশের ছেলে ও মেয়েদের দল। কাজাখস্তানের বিপক্ষে বাংলাদেশের ছেলেরা ও চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা হেরেছেন। দুই বিভাগে একই ফল, ৩-০তে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। ছেলেদের দলগত ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে হৃদয় মুহতাসিন ১১-৫, ১১-৪, ১১-৪ ব্যবধানে কিরিল গেরাসিমেনকোর কাছে, ইমরুল ইমন ১১-৪, ১১-৭, ১১-৯তে অ্যালান কুরমাঙ্গালিয়েভের বিপক্ষে এবং রাম হিম লিয়ান বম ১১-৮, ১১-৫, ১৩-১১ ব্যবধানে সানঝার ঝুবানভের বিপক্ষে হেরেছেন। মেয়েদের দলগত ম্যাচে সোনম সুলতানা সোমা ১১-৪, ১১-৩, ১১-২ ব্যবধানে ইয়েহ ই-তিয়ানের কাছে, নওরিন মাহি ১১-২, ১১-৪, ১১-১ গেমে চেং ই-চিংয়ের বিপক্ষে এবং তুশি সামান্তা ১১-৪, ১১-২, ১১-৭ ব্যবধানে পেং ইউ-হানের কাছে হেরেছেন।
বিচ ভলিবলে প্রাথমিক পর্যায়ে গ্রুপপর্বে ফিলিপিন্সের মেয়েদের কাছে ২১-৬ এবং ২১-৬ গেমে দুই সেটে হেরেছে বাংলাদেশ। ছেলেদের একই ইভেন্টেও জাপানের বিপক্ষে ২১-১১ এবং ২১-১৫ পয়েন্টে দুই সেটে হেরেছে বাংলাদেশ।
সাঁতারেও বিপর্যয় বাংলাদেশের। মুক্তি খাতুন খেলেছেন তৃতীয় হিটে, ৩৬.৬১ সেকেন্ডে সাঁতার শেষ করে সপ্তম হয়েছেন। ইভেন্টটির হিটে সবমিলিয়ে অংশ নেয়া ২৪ জনের মধ্যে ২৩তম হয়ছেন তিনি।
মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলেও সাফল্য পায়নি বাংলাদেশ। মেয়েদের এককে তিন শুটার ছিটকে গেছেন বাছাই থেকেই। ৫৫ প্রতিযোগী লড়েছেন এ ইভেন্টে। যার মধ্যে সাফা বিন শাহিদ ৬২১ স্কোর নিয়ে হয়েছেন ৩৮তম। সাজিদা হক ৬২০.৬ স্কোর নিয়ে ৪০তম এবং মেহনাজ শারমিন ৬১৯.১ স্কোর নিয়ে ৪৬তম হয়েছেন।
কোন একটা ম্যাচেও ভালো ফল বা লড়াই জমিয়েও হারতে পারেনি বাংলাদেশ। এপর্যন্ত এশিয়ান গেমসে কোন ইভেন্টেই জয়ের দেখা পাননি বাংলাদেশের কোন খেলোয়াড় বা দল।









