কোচ লিওনেল স্কালোনিকে দুই বছরের নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। মেয়াদ আরও দুবছর বাড়ানোর সুযোগও রয়েছে প্রস্তাবে। বিষয়টি নিয়ে এখনও নিরব আলবিসেলেস্তেদের বিশ্বকাপজয়ী কোচ, খবর দেশটির গণমাধ্যমে।
স্কালোনি আগেই জানিয়ে দিয়েছিলেন, ডিসেম্বরে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে আর্জেন্টিনা দলের কোচের দায়িত্ব ছেড়ে দিতে পারেন। সবশেষ তথ্য, স্কালোনিকে ২০২৮ পর্যন্ত নতুন চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে। পাশাপাশি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়নের সুযোগ রাখা হয়েছে।
স্কালোনি এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত জানাননি। আর্জেন্টিনা ফুটবলের কর্তারা আশাবাদী, এ বিষয়ে আলোচনা চালিয়ে ভালো ফল আনা সম্ভব।
স্কালোনির হাত ধরে আর্জেন্টিনা অন্যতম সোনালি সময় পার করছে। টানা দুটি কোপা আমেরিকা জিতেছে তার দল। ৩৬ বছরের অবসান ঘটিয়ে ২০২২ কাতার বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা উঁচিয়ে ধরেছে। ২০২৬ বিশ্বকাপেও ফাইনাল খেলেছে।









