গত মাসেই বাংলাদেশ থেকে কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার। সেখানেই হত্যাকাণ্ডের শিকার হন তিনি। এ ঘটনার রেশ না কাটতেই চিকিৎসা করাতে গিয়ে এবার নিখোঁজ হলেন একজন বাংলাদেশি যুবক।
২০ জুন বৃহস্পতিবার একটি প্রতিবেদনে কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, নিখোঁজ বাংলাদেশি যুবকের নাম দেলওয়ার হোসেন। চিকিৎসা করাতে কয়েক দিন আগেই কলকাতায় গিয়েছিলেন তিনি। ছিলেন কলকাতার মির্জা গালিব স্ট্রিটের এক হোটেলে।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই তিনি নিখোঁজ। এরপর পুরো বিষয়টি নিয়ে পার্ক স্ট্রিট থানার দ্বারস্থ হয় হোটেল কর্তৃপক্ষ। চেক আউট না করেই ওই যুবক হোটেল থেকে বেরিয়ে যান। যুবকের বাংলাদেশে ফিরে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না কর্মকর্তারা।
উল্লেখ্য, গত মাসেই বাংলাদেশ থেকে কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ হন বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজিম। গত ১২ মে কলকাতায় এসেছিলেন আজিম। ১৩ মে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বেরিয়ে নিখোঁজ হন তিনি। এরপর জানা যায়, হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তিনি।









