শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজিত জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা থেকে বাছাই করা ৩০৬ জন উদীয়মান ক্রীড়াবিদের ৪০ দিনের প্রশিক্ষণ ক্যাম্প। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রশিক্ষণ নেবেন তারা।
শনিবার বিকেএসপির অডিটোরিয়ামে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক খেলোয়াড়, কোচ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ ক্রীড়াবিদদের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও একাগ্রতার মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘তৃণমূল থেকে উঠে আসা প্রতিভাবানদের দীর্ঘমেয়াদে পরিচর্যার আওতায় আনা হবে।’
শুধু ৪০ দিনের প্রশিক্ষণেই কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না জানিয়ে আমিনুল হক বলেন, ‘মেধাবী ক্রীড়াবিদদের বিকেএসপি ও ক্রীড়া মন্ত্রণালয়ের দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় রাখা হবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাদের প্রশিক্ষণ ও মনিটরিং অব্যাহত থাকবে।’
ক্রীড়া প্রশিক্ষণের পাশাপাশি খেলোয়াড়দের পড়াশোনাও চালিয়ে যাওয়ার সুযোগ নিশ্চিত করার কথা জানানো হয়েছে। ক্রীড়াকে পেশা হিসেবে নেওয়ার ক্ষেত্রেও সরকারি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী।
এই ৩০৬ জনের মধ্য থেকেই ভবিষ্যতে জাতীয় দলের খেলোয়াড় উঠে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।









