ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও হেইট স্পিচ বিরোধী প্রচারণা চালাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। থিঙ্ক, স্পিক, চেইঞ্জ- এই শ্লোগানকে সামনে রেখে ‘চেইঞ্জ ইজ ইউ’ নামের এই দলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্ত চেতনার বিকাশ ঘটায় এরকম প্রতীকী গ্রাফিটি ও রোড পেইন্ট করে থাকে।
ভালোবাসা ও মানবতার আহবানে পরিবর্তনের লক্ষ্যে আগামী মঙ্গলবার, ৫ ডিসেম্বর ‘পরিবর্তনের গান’ নামে কনসার্টের আয়োজনও করছে তারা। টিএসসিতে অনুষ্ঠিতব্য এই কনসার্টে গান গাইবেন জ্যাগরিং, আই কুইট, শেকড়, গানকবির সুদীপ্ত শাহীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যান্ড। কনসার্ট চলবে বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত।
জঙ্গিবাদ ও কটূক্তি (হেট স্পিচ) বিরোধী মাসব্যাপী প্রচারণায় নেমেছে এই দল। প্রচারণায় থাকছে কনসার্ট, গ্রাফিটি, রোড পেইন্ট, ফটোগ্রাফি কম্পিটিশন, স্কুল ক্যাম্পেইনিং, সেমিনারসহ নানা আয়োজন।
ইতোমধ্যে পরিবর্তন আনার লক্ষ্যে তারা ব্লু হোয়েল গেমের বিপরীত ‘ব্ল্যাক হোয়েল’ নামের একটি অনলাইন গেম চালু করেছে তাদের ফেসবুক পেজে। এই গেমের মাধ্যমে তারা ১০ দিনে মানুষের দ্বারা ১০ টি ভাল কাজ করিয়ে তাদের মধ্যে পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে। ভিন্ন ধর্ম, ভিন্ন মত, ভিন্ন লিঙ্গ কিংবা ভিন্ন পোশাকের মানুষদের বিরুদ্ধে করা কটূক্তি এবং জঙ্গিবাদ ও মৌলবাদী আচরণের বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন করতেই কাজ করে যাচ্ছে ঢাবির এই তরুণ শিক্ষার্থীরা। এই বিষয়ে প্রতিদিনই বিভিন্ন প্রবন্ধ, গল্প, কবিতা, ভিডিও, গান শেয়ার করা হচ্ছে তাদের ফেসবুক পেজে। পেইজটির ভিউ এখন পর্যন্ত ২৫ লাখেরও বেশি। এই ক্যাম্পেইনে একাত্মতা জানিয়েছেন সংগীতশিল্পী সায়ান, অভিনেত্রী ত্রপা মজুমদারসহ আরও অনেকে।
প্রতিযোগিতামূলক এই প্রচারণায় বিশ্বের ৮০ টির মত বিশ্ববিদ্যালয় ও এনজিও অংশগ্রহণ করছে। এই প্রতিযোগিতায় ঢাবির দলটির সার্বিক সহযোগিতায় আছে মুভ ফাউন্ডেশন। আর পিটুপি ক্যাম্পেইনের অংশ হিসেবে সমগ্র প্রতিযোগিতার প্রচারণার ফান্ড দিচ্ছে ফেসবুক ও সার্বিক সহযোগিতা করছে ‘এডভেঞ্চার পার্টনারস’।









