চোখ ধাঁধানো আর জমকালো আয়োজনের মধ্য দিয়ে মালয়েশিয়ার জোহর রাজ্যের সুলতানের মেয়ের বিয়ে দেখল পুরো দেশ। ৩১ বছর বয়সী রাজকন্যা টুংকু তুন আমিনা মায়মুনা ইস্কান্দারিয়া সোমবার বিয়ের বন্ধনে আবদ্ধ হন ২৮ বছর বয়সী ডেনিস যুবক মুহাম্মদ আবদুল্লাহর সঙ্গে।
রাজকন্যার বিয়ে উপলক্ষে রাস্তাগুলো রঙবেরঙের পতাকায় সাজানো হয়েছিল। কয়েকটি সার্বজনীন ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের মূল অনুষ্ঠানে ১২শ’রও বেশি অতিথি উপস্থিত ছিলেন। বিশেষ ব্যক্তিত্বদের পাশাপাশি জনসাধারণের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। জোহর বাহরু শহরের দাতারান বান্দারায়া সিটি স্কয়ারে বিশাল পর্দায় প্রজেক্টরের মাধ্যমে বিয়ের অনুষ্ঠান সবাইকে দেখার সুযোগ করে দেয়া হয়।
রাজকন্যা টুংকু সুলতান ইব্রাহিম ইসমাইলের ছয় সন্তানের মধ্যে একমাত্র মেয়ে। বিয়ের অনুষ্ঠানে বাবার কাছ থেকে আশীর্বাদ নিতে দেখা যায় তাকে। বিয়ের স্বীকৃতিস্বরূপ নবদম্পতির ওপর প্রথমে সুগন্ধি জল এবং তারপর হলুদ চাল ছিটিয়ে দেন পরিবারের সদস্য ও অনুষ্ঠানে থাকা অতিথিরা।
রাজবিবাহ উপলক্ষে আগে থেকেই রাস্তাঘাট সাজানোর ধুম পড়ে গিয়েছিল। পাশাপাশি প্রতিটি অনুষ্ঠানস্থলের আশপাশে নেয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলের রাজ্য জোহরের রাজপরিবার দেশটির সবচেয়ে ধনী ও ক্ষমতাশালী রাজপরিবারের একটি। এটি দেশের একমাত্র রাজপরিবার, যার নিজস্ব সামরিক বাহিনী রয়েছে।
মূল অনুষ্ঠানের আগে অবশ্য একটি পারিবারিক অনুষ্ঠানও আয়োজন করা হয়েছিল টুংকু আর ডেনিসের তিন বছরের প্রেমের সম্পর্কের সফল পরিণতির স্বীকৃতি জানাতে। মালয়েশিয়ার এক ক্যাফেতে প্রথম দেখাতেই একে অন্যের প্রেমে পড়ে যান তারা।
পারিবারিক ওই অনুষ্ঠানে চোখ জুড়ানো স্নিগ্ধ সাদা গাউন পরে সবার সামনে আসেন রাজকন্যা টুংকু। গায়ে ছিল সাদা আর রূপালি ঝিকিমিকি দামি গয়না। শুধু স্থানীয় ঐতিহ্য আর রীতির সম্মান রাখতেই বিয়েতে কনেকে সাড়ে ২২ রিঙ্গিত (প্রায় ৪২৪ টাকা) যৌতুক দেয় বরপক্ষ।
ওলন্দাজ বংশদ্ভূত বর ডেনিস মুহাম্মদ অ্যামস্টারডামের কাছাকাছি একটি ছোট শহরে জন্মেছিলেন ডেনিস ভারবাস হিসেবে। ২০১৫ সালে তিনি ইসলাম গ্রহণ করেন। বর্তমানে তিনি জোহরেই একটি প্রপার্টি ডেভেলপমেন্ট ফার্মে কর্মরত আছেন।
আমরা নিজেরা আলাদা বাড়িতে উঠে স্বামী-স্ত্রী হিসেবে নতুন জীবন শুরু করব। এই প্রথম আমি আমার বাবা-মা আর পরিবারের সদস্যদের থেকে দূরে গিয়ে একা থাকতে যাচ্ছি জোহর রয়্যাল প্রেস অফিস প্রকাশিত এক বিবৃতিতে বলেন রাজকন্য টুংকু।









