জনপ্রিয় ব্যান্ড তারকা ও অর্থহীন ব্যান্ডের সুমন ব্যাংককে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গত ১৭ জুন ব্যাংককের সুখুম্ভিতে এই ঘটনা ঘটে। ফেসবুকের মাধ্যমে সুমন জানান, তখন তিনি রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় পেছন থেকে একটি মাইক্রোবাস তাকে জোরে ধাক্কা দেয়। তিনি পড়ে যান। এতে তার মুখের চোয়াল ভেঙে যায় এবং কানের অংশ বিচ্ছিন্ন হয়। স্থানীয়রা দ্রুত তাকে পাশের স্যামিতিভেজ সুখুম্ভিত হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার দেহে ১১ ঘণ্টা অস্ত্রোপচার করা হয়।
ঘটনার ২৫ দিন পর আজ ফেসবুকে সেই ঘটনা জানিয়েছেন সুমন। তিনি বললেন, ‘আমি চেকআপের জন্য ব্যাংককে গিয়েছিলাম। স্যামিতিভেজ হাসপাতালেই সেদিন আমার অতি ছোট একটা অস্ত্রোপচার হয়। আমি বিশ্রাম নিয়ে হোটেলে ফিরছিলাম। গলির ভেতর দিয়ে রাস্তা পার হচ্ছি, হঠাৎ একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দেয়। আমি পরে অজ্ঞান হয়ে যাই। টানা ১১ ঘণ্টা অস্ত্রোপচারের পর আমার জ্ঞান ফেরে।’

জানালেন, তিনি এখন আগের চেয়ে অনেকটা ভালো। পুরোপুরি সুস্থ হতে আরও এক মাস লাগবে। কারণ তার দেহে একাধিক অস্ত্রোপচার করার সম্ভাবনা আছে।
এতদিন পর দুর্ঘটনার খবর জানানোর ব্যাপারে সুমন বলেন, ‘বিষয়টি তখন আমি আমার পরিবারকেও জানাইনি। কারণ আমার সন্তানেরা তখন ইউরোপে ট্যুর করছিল। ঈদের পর সবাইকে জানিয়েছি।’
সুমন দীর্ঘদিন যাবৎ ক্যানসারে ভুগছেন। ২০১২ সালে তার মেরুদন্ডে প্রথম ক্যানসার ধরা পড়ে। এরপর মস্তিষ্ক, গলা, পাকস্থলী আর কিডনিতে ক্যানসার ছড়িয়ে যায়।









