রোববার মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকোর কাছে হেরে রেফারির ভুলের অভিযোগ তুলেছেন রিয়াল কোচ হোসে মরিনহো। তার মন্তব্যের সমালোচনা করেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। সেটির কড়া জবাব দিয়েছে বার্নাব্যুর ক্লাবটি। এদিকে, রিয়ালের বিরুদ্ধে রেফারিং ষড়যন্ত্রের অভিযোগকে ‘দুর্বলতা ঢাকার ধোঁয়াশা’ বলেছেন স্প্যানিশ লিগের প্রধান।
মেট্রোপলিটানোতে ম্যাচের পর অ্যাটলেটিকো লাল কার্ড পেতে পারে এমন দুটি মুহূর্তের ছবি প্রিন্ট আউট করে সংবাদ সম্মেলনে এনেছিলেন মরিনহো। বলেছিলেন, অ্যাটলেটিকোর দুটি স্পষ্ট লাল কার্ড পাওয়া উচিত ছিল। তিনি অভিযোগ করেন, অভিজ্ঞতার অভাবে রেফারি মিগেল ওর্তিজ আরিয়াস হাই-প্রোফাইল ম্যাচের চাপ সামলাতে পারেননি।
মরিনহো বলেন, ‘বলতে চাই না যে এটা পরিকল্পিত ছিল, বরং মনে করাতে চাই যে এগুলো ভুল ছিল। যদি তারা আমাদের সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয়, তাহলে এখনও অনেক পথ বাকি আছে।’
লা লিগা সভাপতি তেবাসের সঙ্গে মাদ্রিদ এবং ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের প্রায়ই মতবিরোধ হয়ে থাকে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক নিয়ে মন্তব্য করেন লিগ প্রধান।
বলেছেন, ‘প্রতিদিনের এক মুখপাত্র এবং নিয়ন্ত্রণকারী ঘেঁষা গণমাধ্যমগুলো ইতিমধ্যে সেই বিষয়গুলো প্রচার করতে শুরু করেছে, সেই একই চিরস্থায়ী ষড়যন্ত্রের গল্প। যখন বিষয়টা নেগ্রেইরা মামলা নয়, তাহলে কেন রেফারিকে নিয়ে কথা অথবা অভিযোগ ওঠে, যে আন্তর্জাতিক মানের রেফারি নন।’
‘রেফারিরা রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এমন কথা বলাটা অন্য এক জগতে বাস করার মতো। এটি মৌসুমের শুরুর দিকের ম্যাচগুলোতে স্পষ্ট হয়ে ওঠা অন্যান্য দুর্বলতা ঢাকার জন্য একটি ধোঁয়াশা হিসেবে কাজ করে। মাঠে আসলে কী ঘটছে তা ব্যাখ্যা করার চেয়ে ষড়যন্ত্রের দিকে আঙুল তোলা অনেক সহজ। রেফারির ভুল কোন ষড়যন্ত্র প্রমাণ করে না, কিংবা বছরের পর বছর ধরে একই দাবি করলেই তা সত্য হয়ে যায় না। এবার চোখের ঠুলি খুলে ফেলার সময় এসেছে। সবে তো সেপ্টেম্বর, এরমধ্যেই তারা দাবি করছে যে লিগটি কলঙ্কিত। সাধারণ জ্ঞানসম্পন্ন কেউই এখন আর এই পুরনো অজুহাত বিশ্বাস করে না।’
পরে রিয়াল তেবাসের মন্তব্যের জবাবে লা লিগা সভাপতির পদে তেবাসের উপযুক্ততা নিয়ে প্রশ্ন তুলেছে- ‘আমাদের ক্লাব লা লিগা সভাপতির এই কাজকে অসহনীয় মনে করে। তিনি তার প্রাতিষ্ঠানিক পদ ব্যবহার করে প্রকাশ্য বিবৃতিতে বারবার রিয়াল মাদ্রিদকে হেয় ও আক্রমণ করেন। এটা অত্যন্ত উদ্বেগের বিষয় যে, লা লিগার সকল ক্লাবের স্বার্থের প্রতিনিধিত্ব ও সুরক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিটি রিয়াল মাদ্রিদকে লক্ষ্যবস্তু বানাতে বদ্ধপরিকর এবং আমাদের ক্লাবকে তার প্রকাশ্য আক্রমণের অবিরাম উদ্দেশ্যে পরিণত করেছেন।’
‘এই ক্রমাগত ও অনুচিত আচরণের প্রেক্ষিতে, আমরা মনে করি স্পেনের পেশাদার ফুটবলের জন্য জরুরি ভিত্তিতে এমন একজন নেতার প্রয়োজন, যিনি নিরপেক্ষতার মৌলিক কর্তব্য সমুন্নত রেখে প্রতিযোগিতাটি পরিচালনা করতে এবং এর পূর্ণ সম্ভাবনাকে উন্মোচন করতে সক্ষম হবেন। এই পদের স্বরূপ বোঝেন এমন একজনকে প্রয়োজন। লা লিগা সভাপতি এই প্রতিযোগিতার মালিক নন, বরং তিনি একজন প্রশাসক, যিনি এর অন্তর্ভুক্ত ক্লাবগুলোর সেবা করেন এবং ক্লাবগুলো তার উপর এর নেতৃত্বভার দিয়েছে। ক্লাবগুলোর এমন একজনকে প্রয়োজন যিনি সততার সাথে এই লক্ষ্য পূরণ করবেন।’
প্রথমে রিয়াল বেটিস এবং রোববার মাদ্রিদ ডার্বিতে হেরে রিয়াল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে আছে লিগে।









