হঠাৎ আলোচনায় এলো ৬ বছর আগে ঘটে যাওয়া মহামারী ‘কোভিড-১৯’। তবে ভাইরাস জনিত কারণে নয়। শিরোনামে এসেছে নকল কোভিড টিকা সনদ ঘিরে। যা ঘটিয়েছেন সুইজারল্যান্ড ফুটবল দলের অধিনায়ক গ্রানিত জাকা। স্বীকারও করেছেন তিনি। এমন কাণ্ডে স্কোয়াডে জায়গা হারিয়েছেন। নেয়া হতে পারে আইনি ব্যবস্থাও।
করোনাভাইরাস মহামারী পরবর্তী সময়ে একজন সুইস চিকিৎসক টিকা না নেয়া ব্যক্তিদের জন্য জাল সনদ তৈরি করছিলেন বলে অভিযোগ উঠেছে। সুইজারল্যান্ডে এটির তদন্ত চলছে। জাকা জানাচ্ছে, নিজেও জাল কাগজপত্র সংগ্রহ করেছিলেন। ৩৩ বর্ষী মিডফিল্ডার কর্মের দায়ভার নিয়ে ভুল স্বীকার করেছেন। তবে এবারের ফিফা আন্তর্জাতিক বিরতিতে স্কটল্যান্ড , নর্থ মেসিডোনিয়া এবং স্লোভেনিয়ার বিপক্ষে স্কোয়াড থেকে তাকে বাদ দেয়া হয়েছে।
জাকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হতে পারে। জাকা নিশ্চিত করেছেন, ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছেন। বলেছেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে আমার অতীতের একটি বিষয় নিয়ে অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ব্যক্তিগতভাবে এ বিষয়ে কথা বলতে চাই। সেসময় ভীষণ বিচলিত ছিলাম এবং কোভিড-১৯ টিকা নিয়ে আমার গুরুতর সংশয় ছিল। টিকার প্রতি আমার মনে গভীর অবিশ্বাস ছিল, ভয় ও অনিশ্চয়তায় আচ্ছন্ন ছিলাম। সেই মানসিক অস্থিরতার অবস্থায়, আমার অমীমাংসিত প্রশ্নগুলোর যথাযথ পন্থা অবলম্বন না করে একটি টিকাদানের সনদপত্র জোগাড় করেছিলাম।’
‘আজ পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে, এটি একটি ভুল পদক্ষেপ ছিল। এটি একটি ভুল ছিল। আমি দুঃখিত। এই সিদ্ধান্তের দায়ভার গ্রহণ করছি। পরিস্থিতি মোকাবেলার প্রক্রিয়ার সম্মুখীন হচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করছি।’
সুইস ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এসএফভির সভাপতি পিটার নাবেল বিবৃতিতে বলেছেন ‘গ্রানিত যে পদক্ষেপ নিচ্ছেন এবং যেহেতু সরাসরি বিষয়টির মোকাবিলা করছেন, তাই আমরা তাকে স্বাগত জানাই। একই সাথে, আমরা পারস্পরিকভাবে এই সিদ্ধান্ত এসেছি যে, তাকে ছাড়াই ক্যাম্প চালিয়ে যাওয়া দলের জন্য সর্বোত্তম। আমাদের এখন অগ্রাধিকার হল, পরিস্থিতি শান্ত করা এবং পুরোপুরিভাবে দল ও আসন্ন উয়েফা নেশনস লিগের ম্যাচগুলোর উপর মনোযোগ দেয়া। আন্তর্জাতিক বিরতি শেষ হলে, আমরা গ্রানিতের সাথে পরিস্থিতি পুনরায় মূল্যায়ন করব এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করব।’
জাকা ২০২৬ বিশ্বকাপে সুইজারল্যান্ড দলের অধিনায়কত্ব করেছেন। দেশের হয়ে রেকর্ড ১৫২ ম্যাচ খেলেছেন। চলতি মৌসুমে সান্ডারল্যান্ডের হয়ে ৬টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে একটিতে রোববার ম্যানচেস্টার সিটির কাছে ৫-৩ গোলে হেরেছে তার দল।









