ব্যয় সাশ্রয় এবং দেশের নানা সংকট বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
জাহেদ উর রহমান বলেন, ব্যয় সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশ নানা ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ কারণে প্রধানমন্ত্রী তাঁর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করেছেন।
তিনি বলেন, ‘দেশে থাকা প্রধানমন্ত্রীর জন্য এই মুহূর্তে আরও বেটার প্রায়োরিটি।’
এদিকে জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্ত নেই।









