বাঙালি সংস্কৃতি, চলচ্চিত্র, গণমাধ্যম ও মানবিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা ও গণমাধ্যম ব্যক্তিত্ব হাসিবুর রেজা কল্লোল।
গ্রিসের শ্যানিয়া আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় তাকে ‘অনারারি ডক্টর অব ফিলোসফি’ ডিগ্রি দিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে এই সম্মাননা পাওয়ায় দেশের সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্টজনেরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় হাসিবুর রেজা কল্লোল বলেন, সংস্কৃতি, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের প্রসারে তিনি আজীবন কাজ করে যেতে চান। একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জনপ্রিয় বাংলাদেশি চলচ্চিত্র ‘সত্তা’ পরিচালনার মাধ্যমে ব্যাপক পরিচিতি পান কল্লোল। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পাশাপাশি তার কর্মজীবনে রয়েছে অসংখ্য টেলিভিশন নাটক, তথ্যচিত্র ও বিভিন্ন ধরনের সৃজনশীল প্রযোজনা।
এর আগে যুক্তরাষ্ট্রের সেডারব্রুক বিশ্ববিদ্যালয় থেকেও কাজের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন হাসিবুর রেজা কল্লোল।
বর্তমানে তিনি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নাইন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।









