প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার জনজীবনে স্বস্তি ও শান্তি নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী। তিনি বলেন, প্রধানমন্ত্রী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন। সরকারের অনেক উদ্যোগের ফল পেতে কিছুটা সময় লাগবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও বক্তব্য দেন।
সালেহ শিবলী বলেন, গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। জনজীবনে স্বস্তি ও শান্তি নিশ্চিত করতে সরকার কাজ করছে। জনগণ এখন বুঝতে পারছে, তারাই রাষ্ট্রের মালিক এবং প্রধানমন্ত্রীও জনগণকে সেই বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছেন।
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব। তিনি বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময়। এ সময়ে সবাইকে সজাগ থাকার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রথাগত শাসনব্যবস্থা ভেঙে মানুষের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী যা বলেছেন, সে অনুযায়ীই গ্যাসের প্রবাহ স্বাভাবিক হয়েছে। বর্তমানে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল দেশ বলেও মন্তব্য করেন তিনি।
অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জোড়াতালি দিয়ে সংবাদ পরিবেশনের মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী সবসময় গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী।
তিনি বলেন, সরকারের মাত্র ছয় মাস পার হয়েছে। এ সময়ে সবার ধৈর্য ধারণ করা প্রয়োজন। সবাই সহযোগিতা করলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এজন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়, বুধবার দুপুর ১২টায় তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।









