বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায় নেপাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল। বিসিবি প্রস্তাবটি ইতিবাচকভাবে নিয়েছে। তবে ব্যস্ত সূচির কারণে এখনই সিরিজের সময় চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন জানান তিনি।
বলেছেন, ‘নেপাল ক্রিকেট বোর্ড আমাদের কাছে বেশ কিছুদিন আগেই একটি প্রস্তাব পাঠিয়েছিল। সেখানে তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই আহ্বানকে খুব ইতিবাচকভাবে নিয়েছে। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে।’
‘যদি সবকিছু ঠিকঠাকভাবে মিলে যায়…কারণ আমরা জানি, আমাদের এফটিপি (ফিউচার ট্যুরস প্রোগ্রাম) খুবই ব্যস্ত, টানা খেলা আছে সামনে। এরপরও এই সাইকেলের মধ্যে যদি সুবিধাজনক একটা সময় ইতিবাচকভাবে বেছে নেওয়া যায়, আমরা সেই চেষ্টা করছি। সবকিছু ঠিকঠাক হলে আশা করি, এই সিরিজটি আমাদের হতে পারে।’
সিরিজটি ২০২৭ সালের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। নাফিস জানান, এফটিপি চক্রের মধ্যেই নেপালের সঙ্গে সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি।
তিনি বলেন, ‘চক্রটা তো ২০২৭ সাল পর্যন্ত। এই চক্রের মধ্যেই আমাদের ইচ্ছা আছে এবং নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনেরও সেই অনুরোধ রয়েছে। আমরা বিষয়টি ইতিবাচকভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। যখন এটা এমন একটা পর্যায়ে যাবে, যেটা বলার মতো অবস্থায় থাকবে, কিংবা আমরা এমন একটা জায়গায় পৌঁছাতে পারব যেখানে বলতে পারব সিরিজটি হচ্ছে বা হচ্ছে না, তখন যথাসময়ে জানিয়ে দিতে পারব।’
সম্প্রতি ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়েছে নেপাল। আলোচনায় রয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় তহবিল গঠনের উদ্দেশ্যেও সিরিজটি আয়োজন করতে চায় নেপাল। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ জানান, নেপালের পক্ষ থেকে বিসিবিকে দেওয়া প্রস্তাবে এমন কোনো বিষয় উল্লেখ করা হয়নি।
নাফিস বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আসলে এ ব্যাপারটা জানি না। যেহেতু মাননীয় ক্রীড়ামন্ত্রী এ বিষয়ে কথা বলেছেন বা ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে নেপাল সরকারের যোগাযোগ হয়েছে, এটা হয়তো ওপরের মহলে হয়ে থাকতে পারে। তবে আমাদের সঙ্গে যে যোগাযোগ হয়েছে, সেখানে বন্যার বিষয়টি আসেনি। নেপালে যে ভয়াবহ বন্যা হয়েছে, এতে আমরা সবাই খুবই দুঃখিত। নেপালে যারা বসবাস করেন, তাদের প্রতি অবশ্যই আমাদের সহমর্মিতা রয়েছে।’
এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি নেপাল। দুই দলের দেখা হয়েছে কেবল টি-টুয়েন্টি বিশ্বকাপে। ২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে নেপালকে ৮ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। এরপর ২০২৪ সাল বিশ্বকাপে বাংলাদেশ জয় পায় ২১ রানে।









