চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকেই বাজার, ফাঁদও ফেসবুকে

পণ্য কিনতে গিয়ে প্রতারিত হচ্ছেন না তো?

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
9:35 পূর্বাহ্ন 09, সেপ্টেম্বর 2026
in - টপ লিড নিউজ, অপরাধ
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেইজ এখন অনেকের কাছে অনলাইন বাজারের বিকল্প। পোশাক, প্রসাধনী, ইলেকট্রনিকস, খাবার থেকে শুরু করে পুরোনো পণ্য; সবই কেনাবেচা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সহজে ক্রেতা পাওয়া ও অগ্রিম টাকা নেওয়ার সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছে একশ্রেণির প্রতারক। কখনো পণ্য না দিয়েই টাকা নিয়ে উধাও, কখনো অর্ডারের বদলে পাঠানো হচ্ছে মূল্যহীন জিনিস, আবার কখনো পরিচিত প্রতিষ্ঠানের নাম-ছবি ব্যবহার করে তৈরি হচ্ছে ভুয়া পেজ।

চ্যানেল আই অনলাইন সাম্প্রতিক কয়েকটি ঘটনা বিশ্লেষণ করে দেখেছে, ফেসবুকভিত্তিক এই কেনাবেচায় বিশ্বাসই হয়ে উঠছে প্রতারণার সবচেয়ে বড় হাতিয়ার।

সংশ্লিষ্টরা বলছেন, ভোক্তাদের মনে রাখতে হবে—শুধু বিজ্ঞাপন দেখে কোনো পণ্যের গুণগত মান নিশ্চিত করা সম্ভব নয়। পণ্যের মান, উৎস ও বিক্রেতার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে পর্যাপ্ত তথ্য না পাওয়া গেলে অনলাইনে অর্ডার না করাই নিরাপদ।

ইলিশের অর্ডার, এক ওটিপিতেই খালি অ্যাকাউন্ট
ফেসবুকে চাঁদপুরের ইলিশের আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে লোভ সামলাতে পারেননি ফটোগ্রাফার মঞ্জুরুল আলম। ছবিতে টাটকা ইলিশ, সঙ্গে ঘরে বসেই সরবরাহের প্রতিশ্রুতি। অনলাইনে অর্ডার করলেই নির্ধারিত দিনে মাছ পৌঁছে যাবে বাসায়; এমন আশ্বাসে একটি ফেসবুক পেজে ইলিশের অর্ডার করেন তিনি।

নির্ধারিত দিনে অপেক্ষারও অবসান হয়। হঠাৎ ফোন আসে। ওপাশ থেকে বলা হয়, ‘আপনার বাসার নিচে আছি। সিঁড়ি দিয়ে উপরে উঠছি।’

সবকিছু তখনও স্বাভাবিকই মনে হচ্ছিল। কিন্তু এরপরই শুরু হয় প্রতারণার আসল কৌশল।

ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, মাছের ডেলিভারি নিশ্চিত করতে তার মোবাইলে একটি ওটিপি যাবে। সেটির কোড জানাতে হবে। কিছুক্ষণ পর সত্যিই মোবাইলে একটি ওটিপি আসে। ডেলিভারি কর্মীর কথা বিশ্বাস করে সেই ওটিপি কোড জানিয়ে দেন তিনি।

এরপরই ঘটে অপ্রত্যাশিত ঘটনা।

ইলিশ আর আসেনি। বরং কিছুক্ষণের মধ্যেই তিনি বুঝতে পারেন, তার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টে থাকা টাকাও নেই। প্রতারকের হাতে চলে গেছে পুরো টাকা।

প্রথমে তিনি ভেবেছিলেন, হয়তো কোনো প্রযুক্তিগত সমস্যা হয়েছে। প্রতারককে ফোন করলে ওপাশ থেকে আশ্বাস দেওয়া হয়, ‘মাছ দিয়ে দিচ্ছি।’ এভাবে একদিন, দুইদিন করে সময় পার হতে থাকে। কিন্তু ইলিশ আর আসে না।

একপর্যায়ে বিষয়টি পরিষ্কার হয়ে যায়: ইলিশ কেনার নামে তিনি আসলে একটি প্রতারণার ফাঁদে পড়েছেন।

বাধ্য হয়ে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। এরপর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। শুরু হয় প্রতারক চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা।

কয়েকদিন পর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ওই প্রতারক চক্রের সদস্যরা গ্রেপ্তার হয়। তদন্তে বেরিয়ে আসে, ইলিশ বিক্রির বিজ্ঞাপন ছিল মূলত মানুষকে ফাঁদে ফেলার একটি কৌশল। অনলাইনে পণ্য কেনার আগ্রহ ও বিশ্বাসকে কাজে লাগিয়ে গ্রাহকের কাছ থেকে ওটিপি কোড দিয়ে হাতিয়ে নিয়ে তারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টের টাকা সরিয়ে নিত।

তবে শেষ পর্যন্ত স্বস্তি ফেরে ওই ভুক্তভোগীর জীবনে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তিনি তার খোয়া যাওয়া টাকা ফেরত পান।

অর্ডার ছিল চাদর, প্যাকেটে মিলল কাপড়ের টুকরা
ফেসবুকের মাধ্যমে অর্ডার নেওয়া দুটি অনলাইন শপের বিরুদ্ধে আরেকটি চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা সামনে আসে বগুড়ায়। পুলিশের মামলার তথ্য অনুযায়ী, একটি অনলাইন শপে বিছানার চাদর ও আরেকটিতে চাদর-বালিশের কাভার অর্ডার করা হয়েছিল। পরিবহনের মাধ্যমে পণ্য পৌঁছানোর পর প্যাকেট খুলে দেখা যায়, ভেতরে চাদরের বদলে ছিল মাত্র দুই টুকরা কাপড়। দ্বিতীয় অর্ডারের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটে।

পরে চালানের তথ্য বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, দুটি অনলাইন শপ একই চক্র পরিচালনা করছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণার কথা উঠে আসে বলে পুলিশ জানায়।

এই ঘটনায় প্রতারণার আরেকটি ধরন স্পষ্ট: পণ্য পাঠানো হচ্ছে ঠিকই, কিন্তু অর্ডার করা পণ্যের বদলে পাঠানো হচ্ছে এমন কিছু, যার প্রকৃত মূল্য প্রায় নেই।

পরিচিত প্রতিষ্ঠানের নামেও ভুয়া পেজ
শুধু কম দামের পণ্য দেখিয়েই প্রতারণা নয়; মানুষের পরিচিত প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেও তৈরি হচ্ছে বিশ্বাসযোগ্যতার আবরণ। রবিশপের নামের কাছাকাছি একটি ডোমেইন এবং ‘Robi Bangladesh’ নামে ফেসবুক পেজ ব্যবহার করে পণ্য বিক্রির নামে অর্থ আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেপ্তারের তথ্য প্রকাশ করেছিল ঢাকা মহানগর পুলিশ। পরে ফ্যাক্টচেকেও ওই ভুয়া পেজ ও ওয়েবসাইটের বিষয়টি উঠে আসে।

২০২৬ সালের মে মাসে আবার সেনা কল্যাণ সংস্থার নাম ব্যবহার করে তৈরি একাধিক ফেসবুক পেজ থেকে ভোগ্যপণ্যে ৫০ শতাংশ ছাড়ের বিজ্ঞাপন দেওয়ার বিষয়টি শনাক্ত করে রিউমর স্ক্যানার। এসব পেজের সঙ্গে প্রকৃত প্রতিষ্ঠানের সম্পর্ক নেই বলে ফ্যাক্টচেক প্রতিবেদনে জানানো হয়।

যুক্ত হচ্ছে এআই ও ডিপফেক
প্রতারণার কৌশল আরও আধুনিক হচ্ছে। ২০২৬ সালের এপ্রিলে পুলিশ পরিচিত ব্যক্তিদের মুখ ও কণ্ঠ নকল করে এআই ও ডিপফেক প্রযুক্তির মাধ্যমে ভুয়া বিজ্ঞাপন তৈরি করে পণ্য বিক্রির সঙ্গে জড়িত একটি চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। অর্থাৎ এখন শুধু সুন্দর ছবি বা ভুয়া রিভিউ নয়; পরিচিত মানুষের মুখ ও কণ্ঠ ব্যবহার করেও ক্রেতার আস্থা অর্জনের চেষ্টা চলছে।

লোনের প্রলোভন, টার্গেট অসহায় মানুষ
কম সুদে দ্রুত ঋণের প্রলোভন দেখিয়ে ফেসবুক, অনলাইন প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপের মাধ্যমে প্রতারণার ফাঁদ পেতেছে চক্র। প্রসেসিং ফি, নিবন্ধন, ভেরিফিকেশন কিংবা জামানতের নামে নেওয়া হচ্ছে টাকা; পাশাপাশি হাতিয়ে নেওয়া হচ্ছে ব্যক্তিগত ও আর্থিক তথ্য।

বিষয়টি প্রশাসনের নজরে আসার পর সহজ শর্তে দ্রুত ঋণের প্রলোভনে পরিচালিত ৩১টি অননুমোদিত মোবাইল অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্ম বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এসব প্ল্যাটফর্মে ঋণের আবেদন করতে গিয়ে জাতীয় পরিচয়পত্র, ছবি, মোবাইল নম্বর, যোগাযোগ তালিকা ও অন্যান্য সংবেদনশীল তথ্য শেয়ার না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বিএফআইইউ জানায়, বিভিন্ন অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম ও ফেসবুক গ্রুপে সহজ শর্তে দ্রুত ঋণের প্রলোভন দেখিয়ে প্রসেসিং বা নিবন্ধন ফি’র নামে অগ্রিম টাকা নেওয়া হচ্ছে। টাকা দেওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেওয়ার পাশাপাশি ঋণ আদায়ের নামে ভয়ভীতি ও ব্যক্তিগত তথ্য প্রকাশের হুমকিও দেওয়া হচ্ছে।

বাংলাদেশে ঋণ প্রদান নিয়ন্ত্রিত কার্যক্রম কিন্তু বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে ঋণ দেওয়া বেআইনি। এসব অননুমোদিত প্ল্যাটফর্মে প্রতারণা, আর্থিক অপরাধ ও অর্থপাচারের ঝুঁকি রয়েছে।

বিএফআইইউর নজরে আসা ৩১টি অননুমোদিত প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে—সাথী লোন, পপক্যাশ, ফিনক্যাশ, কুইক লোন, কুইক টাকা, ঢাকা ফিন, লোনভাইব, দোস্ত লোন, টাকা ক্যাশ লোন, কেওয়নজা লোন, এসএসএইচ মানি, লোনবাডি, সাথি লোন, ক্যাশহোরা, আলো ক্যাশ, ফাস্ট লোন, ইজি টাকা, ধৈর্য লোন, ফিন ডট ডু, বঙ্গক্যাশ, আশা লোন, সুবিধা লোন, স্মার্ট লোন বিডি, অনলাইন লোন বিডি, সিটি অনলাইন লোন, বিডি সহজ লোন, ক্যাশ লোন, সোনালী, লোনহাট ও টাকানাও।

 কেন এত সহজে ফাঁদে পড়ছেন ক্রেতারা?
২০২৬ সালের একটি গবেষণাতেও বাংলাদেশের অনানুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক বাজারে প্রতারণার অভিযোগ, ভুক্তভোগীদের অভিজ্ঞতা ও বিরোধ নিষ্পত্তির সীমাবদ্ধতার বিষয়টি উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, এসব অভিযোগ অনেক সময় বিচ্ছিন্ন পোস্ট ও স্ক্রিনশটে ছড়িয়ে থাকে, ফলে তা যাচাই ও সমাধান করা কঠিন হয়।

সেখানে স্যোশাল মিডিয়া বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, ফেসবুক গ্রুপের সবচেয়ে বড় সমস্যা হলো, সেখানে অনেক সময় বিক্রেতার পরিচয়, ব্যবসার ঠিকানা, রিটার্ন নীতি বা পণ্যের প্রকৃত উৎস যাচাই করার সুযোগ সীমিত। সদস্যসংখ্যা বেশি, কমেন্টে প্রশংসা, পুরোনো পোস্ট কিংবা ‘অরিজিনাল’ ও ‘হোলসেল’ শব্দ; এসব দেখেই অনেক ক্রেতা বিক্রেতাকে বিশ্বাস করেন।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘‘সম্প্রতি ফেসবুকে চাঁদপুরের ইলিশের আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছে। কম দাম, তাজা ইলিশ ও বাড়িতে ডেলিভারির প্রতিশ্রুতি দিয়ে অনেক ক্রেতাকে আকৃষ্ট করা হলেও অর্ডারের পর কেউ মাছ পাননি, আবার কেউ আর্থিক ক্ষতির শিকার হয়েছেন।’’

‘‘এ পরিস্থিতিতে চাঁদপুর জেলা প্রশাসনের মাধ্যমে প্রকৃত ও বৈধ ইলিশ ব্যবসায়ীদের তালিকা তৈরি করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ভোক্তাদের প্রতি আহ্বান: চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট না হয়ে বিক্রেতার পরিচয় ও ব্যবসার বৈধতা যাচাই করে অনলাইনে পণ্য অর্ডার করুন।’’

প্রতারণা ঠেকাতে ক্রেতার করণীয়
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, অনলাইনে পণ্য কেনার ক্ষেত্রে প্রথম শর্তই হলো সচেতনতা। আকর্ষণীয় বিজ্ঞাপন বা লোভনীয় অফার দেখেই হুট করে কেনাকাটা করা উচিত নয়। প্রতিষ্ঠানের নাম-ঠিকানা, মালিকের পরিচয় ও ট্রেড লাইসেন্সের তথ্য যাচাই করতে হবে। ফেসবুক পেজ বা গ্রুপের রিভিউ এবং পূর্বের কার্যক্রমও দেখে নেওয়া জরুরি।

বিকাশ বা অন্য কোনো মাধ্যমে অগ্রিম টাকা দেওয়ার আগে নম্বরটি ভালোভাবে যাচাই করতে হবে। সম্ভব হলে পণ্য হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ এবং রসিদ নেওয়ার মতো নিরাপদ পদ্ধতি বেছে নেওয়া উচিত।

প্রতারণা রোধে বাংলাদেশ পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে অপরাধীদের আইনের আওতায় আনছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন প্রয়োগ করে এ ধরনের অপরাধ পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। অনলাইন প্রতারণা ঠেকাতে আইন প্রয়োগের পাশাপাশি সবচেয়ে বড় প্রয়োজন জনসচেতনতা ও সতর্কতা।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেটর ও সাইবার ক্যানিয়ন আরিফ মঈনুদ্দীন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘‘প্রযুক্তি যেহেতু দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে, একই সঙ্গে এর অপব্যবহারও বাড়ছে। ডিপফেক, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, সোশ্যাল মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণার ধরন প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। বিশেষ করে বিভিন্ন ফেসবুক গ্রুপে চাকরি, ব্যবসা, বিনিয়োগ, লটারি, পুরস্কার কিংবা নানা ধরনের সুযোগের প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনা ঘটছে। তাই এসব গ্রুপ ব্যবহারের ক্ষেত্রেও সবাইকে সতর্ক থাকতে হবে।’’

তিনি বলেন, ‘‘সরকারের পক্ষ থেকেও ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম চালানো প্রয়োজন। মানুষকে শুধু প্রযুক্তির ব্যবহার শেখালেই হবে না, প্রযুক্তির অপব্যবহার কীভাবে হচ্ছে এবং প্রতারণার শিকার হলে কী করণীয়: সেটিও জানাতে হবে। এসব অপরাধে আইনে কী ধরনের শাস্তির বিধান রয়েছে, কোথায় অভিযোগ করতে হবে এবং কীভাবে আইনি সহায়তা পাওয়া যাবে; এসব তথ্য সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় ব্যাপকভাবে তুলে ধরা জরুরি।’’

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, ‘‘অনলাইন ব্যবসা অবশ্যই ইতিবাচক উদ্যোগ। তবে ভোক্তা ও ব্যবসায়ীর মধ্যে আস্থা, স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা জরুরি। ভোক্তা যেন অর্থের বিনিময়ে মানসম্মত পণ্য পান, সেটিও নিশ্চিত করতে হবে।’’

‘‘তবে ই-কমার্স নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট আইন না থাকায় প্রতারণা বা অনিয়মের ক্ষেত্রে আইনের সরাসরি প্রয়োগ অনেক সময় সম্ভব হয় না। অভিযোগ পেলে আমরা শুনানির মাধ্যমে বিষয়টি পর্যালোচনা করি এবং প্রমাণিত হলে প্রচলিত আইনে জরিমানা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।’’

Tags: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরডিএমপিডিবিপ্রতারণাফেসবুকসাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল
Previous Post

হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

Next Post

তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন

Next Post
ছবি: সংগৃহীত

তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন

প্রথম রাতেই হালান্ডসহ তিনজনের জোড়া গোল, জয়ে শুরু ম্যানসিটি-রিয়ালের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT