হলিউডপ্রেমী দর্শকদের জন্য চলতি সপ্তাহে প্রেক্ষাগৃহ ও ওটিটি প্ল্যাটফর্মে থাকছে বেশ কিছু আকর্ষণীয় আয়োজন। প্রেক্ষাগৃহে ফিরছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের জনপ্রিয় সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’। পাশাপাশি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ব্র্যাড পিট অভিনীত সারভাইভাল থ্রিলার ‘হার্ট অব দ্য বিস্ট’।
ওটিটিতে থাকছে ‘ব্রাদার্স’, ‘দ্য লাভ হাইপোথিসিস’ এবং ‘এ ডিফারেন্ট ওয়ার্ল্ড’। চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহের পাঁচ আলোচিত হলিউড রিলিজ সম্পর্কে।
অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর
অভিনয়ে: রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভান্স, মার্ক রাফালো, জশ ব্রোলিন, ক্রিস হেমসওয়ার্থ, স্কারলেট জোহানসন, জেরেমি রেনার, ডন চেডল, পল রাড, ব্রি লারসন, কারেন গিলান, দানাই গুরিরা।
পরিচালনা: অ্যান্থনি ও জো রুশো
মুক্তি: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সাত বছর পর আবারও প্রেক্ষাগৃহে ফিরছে বহুল জনপ্রিয় ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। ‘এনকোর’ সংস্করণে দর্শকরা আবার দেখতে পাবেন সিনেমাটির স্মরণীয় বেশ কিছু দৃশ্য। এর মধ্যে রয়েছে অ্যাভেঞ্জার্সদের পোর্টালের মধ্য দিয়ে একে একে হাজির হওয়া, স্টিভ রজার্সের মজলনির তুলে নেওয়া এবং টনি স্টার্কের আবেগঘন শেষ মুহূর্ত। নতুন করে মুক্তির মাধ্যমে সিনেমাটি ভারতে নতুন দর্শক-উন্মাদনা তৈরি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
হার্ট অব দ্য বিস্ট
অভিনয়ে: ব্র্যাড পিট, ওডিন, জে. কে. সিমন্স, আনা ল্যাম্ব
পরিচালনা: ডেভিড আয়ার
ধরন: সারভাইভাল থ্রিলার
মুক্তি: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্র্যাড পিট অভিনীত ‘হার্ট অব দ্য বিস্ট’ একটি সারভাইভাল থ্রিলার। সিনেমায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা জেমস ও তার বিশ্বস্ত কমব্যাট-স্কাউটিং কুকুর ওডিন একটি ভয়াবহ বিমান দুর্ঘটনার পর আলাস্কার দুর্গম ও প্রতিকূল পরিবেশে আটকা পড়ে। বেঁচে থাকার জন্য প্রতিকূল প্রকৃতি ও নানা বিপদের সঙ্গে তাদের লড়াইয়ের গল্পই সিনেমাটির মূল আকর্ষণ।
ব্রাদার্স
অভিনয়ে: ম্যাথিউ ম্যাককনাহে ও উডি হ্যারেলসন
পরিচালনা: জেসন ওয়াইনার ও ট্রেন্ট ও’ডনেল
ধরন: কমেডি
যেখানে দেখা যাবে: অ্যাপল টিভি
মুক্তি: ২৩ সেপ্টেম্বর, ২০২৬
মেয়ের বিয়ে হঠাৎ ভেঙে যাওয়ার পর উডি তার পরিবারকে নিয়ে দীর্ঘদিনের বন্ধু ম্যাথিউর টেক্সাসের খামারবাড়িতে ওঠেন। শুরুতে সাময়িকভাবে সেখানে থাকার পরিকল্পনা থাকলেও পরিস্থিতি বদলে যায়। ম্যাথিউর মা হঠাৎ এমন এক পারিবারিক গোপন তথ্য প্রকাশ করেন, যা উডি ও ম্যাথিউর জীবনই বদলে দেয়—তারা হয়তো আসলে সহোদর ভাই!
সত্য উদঘাটনে উডির অনুসন্ধান পুরোনো ক্ষত সামনে নিয়ে আসে। অন্যদিকে ম্যাথিউও নিজের জীবনের আলাদা এক সংকটের মুখোমুখি হয়।
দ্য লাভ হাইপোথিসিস
অভিনয়ে: লিলি রেইনহার্ট, টম বেটম্যান, র্যাচেল মার্শ, নিকোলাস ডুভার্নে, জাবুকি ইয়াং-হোয়াইট, আর্টি ফ্রুশান
পরিচালনা: ক্লেয়ার স্ক্যানলন
ধরন: রোমান্স, কমেডি
যেখানে দেখা যাবে: প্রাইম ভিডিও
মুক্তি: ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিএইচডি গবেষক অলিভ স্মিথের জীবনের মূল লক্ষ্য বিজ্ঞান, প্রেম নয়। কিন্তু নিজের প্রেমজীবন নিয়ে বন্ধুকে বোঝাতে গিয়ে হঠাৎই সে কঠিন স্বভাবের অধ্যাপক ড. অ্যাডাম কার্লসেনকে চুমু দিয়ে বসে। এরপর অ্যাডাম তাদের প্রেমের সম্পর্কের অভিনয় করতে রাজি হলে দুজন মিলে কিছু নিয়মও ঠিক করে নেয়।
কিন্তু সময়ের সঙ্গে তাদের সাজানো সম্পর্ক এতটাই বাস্তব মনে হতে শুরু করে যে অলিভ বুঝতে পারে, বাস্তব অনুভূতি সব সময় কোনো বৈজ্ঞানিক সূত্র মেনে চলে না।
এ ডিফারেন্ট ওয়ার্ল্ড
অভিনয়ে: ম্যালিয়া জোই মুন, আলিজাহ কাই, কর্নেল ইয়াং ফোর্থ, জর্ডান অ্যারন হল, কেনেডি রিস, চিবুইকেম উচে
পরিচালনা: ডেবি অ্যালেন, টিফানি জনসন, অ্যাঞ্জেলা বার্নস, নেফারতিতি এনগুভু, বিল উডরাফ
ধরন: ড্রামা, কমেডি
যেখানে দেখা যাবে: নেটফ্লিক্স
মুক্তি: ২৪ সেপ্টেম্বর, ২০২৬
‘এ ডিফারেন্ট ওয়ার্ল্ড’-এর গল্পের কেন্দ্রে রয়েছে ডেবোরা ওয়েইন। হিলম্যানের জনপ্রিয় চরিত্র ডোয়াইন ওয়েইন ও হুইটলি গিলবার্টের বিদ্রোহী ও বিশ্বভ্রমণপ্রিয় মেয়ে সে। বাবা-মায়ের পরিচিতি ও সাফল্যের ছায়া থেকে বেরিয়ে নিজের পরিচয় তৈরি করতে হিলম্যানের সেই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় ডেবোরা।
বিশ্ববিদ্যালয়জীবনে বন্ধুত্ব, প্রেম, পরিবার ও নিজের পরিচয় নিয়ে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়ে যায় তার গল্প। শেষ পর্যন্ত নিজের মতো করে একটি আলাদা পরিচয় ও উত্তরাধিকার তৈরি করাই হয়ে ওঠে তার লক্ষ্য। পিঙ্কভিলা









