সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে মঙ্গলবার জনপ্রশাসন সংস্কার কমিশনের উপদেষ্টা ড. আবদুল মুহিতের সঙ্গে আলোচনা হবে—এমন আশ্বাসে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সরে গেছেন আন্দোলনকারীরা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ছেড়ে শাহবাগের প্রজন্ম চত্বরে যান। রাতে সেখানেই অবস্থান করবেন বলে জানিয়েছেন তারা।
এর আগে, বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় প্রবেশ করে। সেখান প্রধান উপদেষ্টার প্রতিনিধি উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের সঙ্গে আন্দোলনকারীরা বৈঠক করেন।
রাত সাড়ে ৮টার দিকে বৈঠক থেকে বের হয়ে আন্দোলনকারীদের প্রতিনিধি রাসেল আল মাহমুদ গণমাধ্যমকে বলেন, দীর্ঘ সময় আমরা আলোচনা করেছি। হুট করে প্রজ্ঞাপন জারি করা সম্ভব নয়। তাই মঙ্গলবার দাবি বাস্তবায়নের জন্য জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা আব্দুল মুহিতের সঙ্গে বৈঠক হবে। সেই বৈঠকে আন্দোলনকারীদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এদিন দাবি বাস্তবায়নের জন্য যে কার্যকর আলোচনা হবে, তার একটি প্রতিবেদন আগামী সাত দিনের মধ্যে প্রকাশ করা হবে।
এর আগে, দুপুর সোয়া ১টার পর আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছানোর পর তাদের বাধা দেয় পুলিশ। সেসময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।









