যুক্তরাজ্যে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কিশোরীকে দোকানের ভেতরে একাধিকবার ছুরিকাঘাত করেছে ১৪ বছর বয়সী এক কিশোর। ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয়। হামলার পুরো ঘটনা দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।
বুধবার ২২ সেপ্টেম্বর পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, উইল্টশায়ারের ওই কিশোর ২০২৫ সালের ডিসেম্বরে মেয়েটিকে বাইরে যাওয়ার প্রস্তাব দেয়। মেয়েটি তা প্রত্যাখ্যান করার পরও বিভিন্নভাবে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাতে থাকে সে। এমনকি ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ব্যবহার করেও মেয়েটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে।
গত ১৫ মার্চ গ্লুচেস্টারশায়ারের সিরেনসেস্টারের একটি দোকানের কাছে অপেক্ষা করছিল ওই কিশোর। পরে মেয়েটি দোকানে ঢুকলে সে তাকে অনুসরণ করে। তার জিনসের পকেটে একটি ছুরি লুকানো ছিল।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, কিশোরটি মেয়েটির কাছে গিয়ে ছুরি বের করে তাকে ধরে ফেলে। এরপর মেয়েটি দোকানের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে কয়েকবার ছুরিকাঘাত করা হয়।
এ সময় দোকানের কর্মী হস্তক্ষেপ করে কিশোরটিকে থামানোর চেষ্টা করেন। তখন ওই কর্মীকেও পিঠে ছুরিকাঘাত করে কিশোরটি মেয়েটির পিছু নিতে থাকে।
একপর্যায়ে মেয়েটি দোকান থেকে বের হয়ে পাশের একটি বাড়িতে গিয়ে সাহায্যের জন্য খবর দেন। হামলায় তার ঘাড়, মুখ ও হাতে কেটে যাওয়ার জখম হয়। এছাড়া পিঠেও আঘাত লাগে।
ঘটনার পর সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ সিরেনসেস্টারের আপার চার্নসাইড এলাকায় পৌঁছায়। হামলার পর পালিয়ে যাওয়া কিশোরকে কিছুক্ষণের মধ্যেই কাছাকাছি এলাকা থেকে আটক করা হয়। তার জিনসের পকেট থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।
আদালতে ওই কিশোর ইচ্ছাকৃতভাবে আহত করা, গুরুতর শারীরিক ক্ষতি করা এবং জনসমক্ষে ধারালো অস্ত্র রাখার অভিযোগ স্বীকার করেছে।
আদালতে পড়ে শোনানো এক বিবৃতিতে ভুক্তভোগী কিশোরী জানান, হামলার পর থেকে তিনি দুঃস্বপ্নে বারবার ঘটনাটি দেখছেন এবং একা বাইরে যেতে ভয় পাচ্ছেন। ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে তার মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর ব্রিস্টল ক্রাউন কোর্টে হাজির করা হয় ওই কিশোরকে। পরে তাকে এক বছরের যুব পুনর্বাসন আদেশ (ইয়ুথ রেফারাল অর্ডার) দেওয়া হয়।
আদালতকে এক গোয়েন্দা কর্মকর্তা জানান, হামলার সময় দোকানের কর্মী সাহসিকতার সঙ্গে হস্তক্ষেপ করেছিলেন। সিসিটিভি ফুটেজেও দেখা যায়, তিনি দোকানের প্রবেশপথের দিকে গিয়ে দরজা খুলে দেন, যাতে মেয়েটি পালিয়ে বের হতে পারে।









