দেশে সুশাসন ও গণতন্ত্র না থাকলে জঙ্গি হামলার মতো ঘটনা ঘটতেই থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা।
বৃহস্পতিবার সর্বসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করে তিনি সরকারকে
সব ব্যর্থতার দায় স্বীকার করে সুষ্ঠু নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন।
খালেদা জিয়া বলেন, কারো মনে ঈদের আনন্দ নেই। কারণ গুলশানে পহেলা জুলাই রাতে যে বর্বরোচিত ঘটনা ঘটেছে তা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। তারপর ঈদের জামাতে বৃহস্পতিবার সকালে যে ঘটনা ঘটলো তা খুব দুঃখজনক। জনগণের দ্বারা নির্বাচিত সরকার না থাকলে দেশে কখনোই শান্তি আসতে পারে না।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঈদ শুভেচ্ছা বিনিময়ের শুরুতেই বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরে একে একে আসেন দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ। 
গুলশানের ঘটনায় সরকারের গাফিলতি ছিল বলেও মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশে তো একের পর এক ঘটনা ঘটেই চলেছে, সরকারতো প্রথম থেকেই ব্যর্থ, তাদের উচিত ব্যর্থতার দায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সরে যাওয়া এবং নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যাতে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে।
পরে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন বেগম খালেদা জিয়া।









